২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে 'বিশাল চ্যালেঞ্জ'র মুখে থাইল্যান্ড

থাইল্যান্ডে লাল শার্ট আন্দোলনকারীদের ওপর দমনাভিযানে জয় ঘোষণা করে শুক্রবার প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে সামনে রয়েছে 'বিশাল চ্যালেঞ্জ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 10:48 AM

ব্যাংকক, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- থাইল্যান্ডে লাল শার্ট আন্দোলনকারীদের ওপর দমনাভিযানে জয় ঘোষণা করে শুক্রবার প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে সামনে রয়েছে 'বিশাল চ্যালেঞ্জ'। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে অভিজিৎ বলেন, তিনি শান্তি পরিকল্পনায় প্রতিশ্র"তিবদ্ধ। তবে নির্বাচন অনুষ্ঠানের নতুন কোনো প্রস্তাব তিনি দেননি। অভিজিৎ বলেন, থাইল্যান্ড এমন বাজে পরিস্থিতিতে কখনো পড়েনি। সরকার খুব শিগগিরিই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, " আমরা জানি, সামনে এগিয়ে যাওয়ার পথে বড় ধরনের চ্যালেঞ্জ আছে। বিশেষ করে দেশে ইতোমধ্যেই সৃষ্ট বিভক্তি দূর করার চ্যালেঞ্জ। সরকার ইতোপূর্বেই ঘোষিত ৫ দফা শান্তি পরিকল্পনার মধ্য দিয়ে এ সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যা দূর করবে এ আশ্বাস দিচ্ছি আমি।" বিক্ষোভ দমন করতে চালানো সেনা অভিযানে হতাহতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন অভিজিৎ। তবে যে পদ্ধতিতে সেনা অভিযান চালানো হয়েছে তার পক্ষ সমর্থন করেন তিনি। অভিজিৎ বলেন, এ অভিযান আইনসঙ্গতভাবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখেই চালানো হয়েছে। তবে একইসঙ্গে ঘটনাটি নিরপেক্ষ তদন্তেরও আশ্বাস দেন তিনি। তিনি বলেন, "সরকার চায় দেশ এগিয়ে যাক, শৃঙ্খলা ফিরে আসুক। আমরা আশস্ত করছি আমরা সঠিক পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং সেটি স্বচ্ছ পথেই হবে।" অভিজিৎ সরকার পাঁচ দফা প্রস্তাব সর্বপ্রথম দিয়েছে ৩ মে। এই মীমাংসা প্রস্তাবে রাজনৈতিক সংস্কার, সামাজিক ন্যায়বিচার এবং রাজনৈতিক সহিংসতার তদন্ত করার প্রস্তাব দেয়া হয়েছিল। সর্বশেষ সহিংসতার আগে অভিজিৎ পৃথকভাবে নভেম্বরে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। কিন্তু পরে এ প্রস্তাব নাকচ করেন তিনি। ফলে থাইল্যান্ডে রাজনৈতিক বিভক্তি রয়ে যায়। লাল শার্টদের নতুন নির্বাচনের আহ্বান প্রত্যাখ্যান করে আসা অভিজিৎ বলেন, এখন তার প্রধান কাজ বিভক্তি দূর করা। তিনি বলেন, আমরা সবাই একই ঘরের বাসিন্দা। আর তাই আমি সবাইকেই আপোস- মীমাংসার পথে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারবিরোধী লাল শার্ট আর সরকারপক্ষের হলুদ শার্ট দুয়ের মধ্যে বড় ধরনের বিভক্তি বিরাজ করছে থাইল্যান্ডে। এ ভিবক্তি দূর হতে কত সময় লাগবে তা কেউ জানে না বলে 'দ্য ব্যাংকক পোস্ট' পত্রিকা তাদের প্রথম পাতার সম্পাদকীয়তে মন্তব্য করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫১ ঘ.