লিলংবি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালাবির সমকামী দম্পতিকে বৃহস্পতিবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের এক আদালত।
অস্বাভাবিক যৌনচর্চা ও অশালীনতার দায়ে দোষী সাব্যস্ত করে তাদের দুজনকেই এ শাস্তি দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন একে "বিবেক বর্জিত' রায় বলে অভিহিত করেছে।
গত ডিসেম্বর মাসের শেষ দিকে সমকামী দম্পতি স্টিভেন মনজেজা (২৬) ও টিওয়েঙ্গ চিমবালাঙ্গা (২০) ঘটা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই তাদের গ্রেপ্তার করা হয়।
বিয়েটিকে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার এ দেশটিতে সমকামীদের অধিকার অর্জনের 'পরীক্ষামূলক বিয়ে' হিসাবে দেখা হচ্ছিল। তবে গত সপ্তাহেই আদালত তাদের দোষী সাব্যস্ত করে।
প্রধান আবাসিক ম্যাজিস্ট্রেট নিয়াকাউয়া উইসিওয়াওসিয়া বলেন, "আমি এ দু'জনকে সর্বোচ্চ শাস্তি দিলাম। কারণ আমি চাই আমাদের মালাবির ছেলে মেয়েরা যেন একই লিঙ্গের এ বিয়ে অনুকরণ না করে। এটি অ-মালাবীয় একটি ব্যাপার এবং আমাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যায় না।"
তিনি বলেন, "এ ধরনের মামলা এটাই প্রথম ও সবচেয়ে বাজে।"
এ রায়কে নিন্দা জানিয়েছে মালাবির প্রধান দাতারাও। তারা এটাকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে দেখছে এবং মালাবি বাজেট সঙ্কটে পড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেস সচিব রবার্ট গিবস বলেন, "যুক্তরাষ্ট্র এ মামলা ও শাস্তির তীব্র নিন্দা জানায়।"
"যৌন রুচি ও লৈঙ্গিক পরিচয়কে অপরাধমূলক ভাবা বিবেকবর্জিত ব্যাপার। মালাবি এ মামলায় মানবাধিকারের খুব বাজে দৃষ্টান্ত উপস্থাপন করল।"
"মালাবি ও অন্যান্য দেশের প্রতি আমরা আহ্বান জানাই তারা যেন যৌন রুচি ও লৈঙ্গিক পরিচয়ের উপর ভিত্তি করে গ্রেপ্তার, আটক ও শাস্তি দেওয়া বন্ধ করে।"
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার মালাবিকে অবিলম্বে ও নিঃশর্তে এ দম্পতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। তারা বিবৃতিতে জানায়, এ দম্পতির মানবাধিকার মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মালাবি থেকে এক শিশুকে দত্তক নেওয়া মার্কিন পপ স্টার ম্যাডোনা মালাবির প্রগতিশীল জনতার প্রতি এ রায়কে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানিয়েছেন।
মালাবির সমকামী আন্দোলনকর্মী উদুলে মকাসুঙ্গুরা এ রায় মালাবির ভাবমূর্তি বিনষ্ট করতে পারে বলে জানান।
তিনি বলেন, "মালাবি সংখ্যালঘুদের অধিকার রক্ষার চুক্তিতে স্বাক্ষরদানকারী দেশ। এ রায়টি তাই দুর্ভাগ্যজনক এবং এ রায় বৈশ্বিক মানবাধিকারের পক্ষে আমাদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪৪০ঘ.
bdnews24