সিউল, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া বলেছে, এই উপদ্বীপাঞ্চলকে ক্রমশ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া।
পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান যেকোনো ধরনের চুক্তি প্রত্যাখ্যান করতেও পিছপা হবে না উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।
উত্তর কোরিয়া তাদের বিতর্কিত সীমান্ত এলাকায় টর্পোডো দিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে- দক্ষিণ কোরিয়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা একথা জানায়।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া জানায়, মার্চে উত্তর কোরিয়ার একটি সাবমেরিন দেশটির বিতর্কিত সীমান্ত এলাকায় প্রবেশ করে দক্ষিণ কোরিয়ার চেওনানকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ঠ প্রমাণ রয়েছে। জাহাজডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক মারা যায়।
এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তকারী একটি দলের তদন্ত প্রতিবেদন নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং-বাক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।
নর্থ'স কমিটি ফর দ্য পিসফুল রিইউনিফিকেশন অব দ্য ফাদারল্যান্ড এক বিবৃতিতে জানায়, "এ সময়ে এসে আমরা বর্তমান পর্যায়কে যুদ্ধাবস্থা হিসেবে বিবেচনা করব এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করব।"
এতে বলা হয়, "দক্ষিণ কোরিয়ার পুতুল গ্র"প যদি 'প্রতিক্রিয়া' এবং 'প্রতিশোধ' পরায়ণ হয়ে ওঠে তাহলে আমরা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সম্পূর্ণ বন্ধ, দু'দেশের মধ্যে হামলাবিরোধী চুক্তি রদ এবং সব ধরনের সহযোগিতা প্রকল্প বিলোপসহ কঠিন শাস্তির ব্যবস্থা করব।"
সিউল অবশ্য এর আগে এ বিষয়টি স্পষ্ট করেছে যে, এমন কোনো প্রতিশোধ নিতে কোনো হামলার পরিকল্পনা তাদের নেই যা এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির পুনরুদ্ধার উদ্যোগে আঘাত হানতে পারে।
দক্ষিণ কোরিয়া ইঙ্গিত দিয়েছে, সেনা হস্তক্ষেপের পরিবর্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা চাপ দিতে পারে।
গত ১০ মাস ধরে দক্ষিণ কোরিয়া প্রতিদিনই ডলারের দরপতনের মুখে পড়ছে। প্রায় তিনমাস হলো শেয়ারবাজারে সবচেয়ে কম লেনদেন হয়েছে।
এদিকে সিউলে আঘাত করার জন্য উত্তর কোরিয়া বারবার হুমকি দিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী অনেক উন্নত। এ পর্যায়ে তাদের মুখোমুখি হওয়া পিয়ংইয়ংয়ের জন্য আত্মঘাতী হতে পারে।
তবে কিছু বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার দুর্বল নেতা কিম জং-ইল তার এক ছেলের সাফল্যের জন্য যত বেশি চেষ্টা করবেন তত বেশি দেশটিকে সহিংসতার মধ্যে ঠেলে দেবেন।
এদিকে উত্তর কোরিয়ার প্রতি সমর্থন জানিয়ে চীন জানিয়েছে, চেওনান ডুবে যাওয়ার ঘটনায় যে তদন্ত হয়েছে সে বিষয়টি তারা নিজেরা মূল্যায়ন করবে।
উত্তর কোরিয়া জানিয়েছে ঘটনা তদন্তে দক্ষিণ কোরিয়ায় তারা নিজস্ব তদন্তকারী পাঠাবে।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইওনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, এ ধরনের প্রতিনিধিকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি জানান, "স্পষ্টতই এটি হচ্ছে উত্তর কোরিয়ার গুরুতর এক উস্কানি এবং উত্তর কোরিয়া যা করবে তার ফল ভোগ করতে হবে।"
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস জানান, কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী দেশ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করছে বলে হোয়াইট হাইসের মুখপাত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৩ঘ.
bdnews24