২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক স্বাভাবিক

স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে ব্যাংককে। শুক্রবার কর্তৃপক্ষ থাই রাজধানী ব্যাংকককে পরিস্কার-পরিচ্ছন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 05:16 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

ব্যাংকক, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে ব্যাংককে। শুক্রবার কর্তৃপক্ষ থাই রাজধানী ব্যাংকককে পরিস্কার-পরিচ্ছন্ন করেছে। রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে দীর্ঘ দুই মাসধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে থাইল্যান্ডের সেনা বাহিনী। থাইল্যান্ডের গ্রাম ও শহরের দরিদ্র হাজার হাজার মানুষ সরকার পতন ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী লাল শার্ট খ্যাত বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকা দখল করে। সেখানে তারা দেড় মাসেরও বেশি সময় অবস্থান করে তাদের দাবি আদায়ের আন্দোলন চালায়। দীর্ঘ টানাপোড়েন ও নানামুখী রাজনৈতিক জটিলতার পর থাই সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। সেনা অভিযানে অনেক হতাহত হয়। পাশাপাশি ওই অঞ্চলের বেশকিছু দোকান ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। থাই অর্থমন্ত্রী কর্ন চাতিকাভাঞ্জি শুক্রবার আশা প্রকাশ করে বলেন, গত ২৪ ঘণ্টার মতো স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখা গেলে দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। তবে এই ঘটনা থাইল্যান্ডের পর্যটন শিল্পকে বেশ ক্ষতিগ্রস্ত করবে এ বছর। টোকিওর এক সেমিনারে বিষয়টি আলোচিত হয় এবং থাই অর্থমন্ত্রী এর সঙ্গে একমত পোষণ করেন। থাইলান্ডের বিদেশি বিনিয়োগকারীরা এর দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে বেশ হতাশ হয়ে পড়েছেন। থাইল্যান্ডের জয়েন্ট ফরেন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নান্দর ভন দের লুইহি রয়টার্সকে বলেন, "এ ঘটনায় থাইল্যান্ডে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে যাবে। সরকার এবং নিরাপত্তা বাহিনীর এখন উচিত ব্যবসার পরিবেশ সৃষ্টির জন্য দ্রুত আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা, যেন ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পুরোমাত্রায় শুরু করতে পারেন।" তিনি আরো বলেন, "অস্ত্র-শস্ত্র যেন আন্ডারগ্রাউন্ডে যেতে না পারে, ব্যাংককসহ সারাদেশে গেরিলা যুদ্ধ যেন শুরু হয়ে না যায় সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এ ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয় তবে থাইল্যান্ড থেকে ব্যবসা-বাণিজ্য উধাও হয়ে যাবে।" এর আগে থাই সেনাবাহিনী বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। ব্যাংকক আপাতত শান্ত হলেও পরিস্থিতি থমথমে। সেনাদের দমনাভিযানের মুখে লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককে তাদের বিক্ষোভস্থল ছেড়ে গেছে ঠিকই। কিন্তু থাইল্যান্ডের নিম্নশেণীর মধ্যে কঠোর দমনাভিযান এবং রক্তক্ষয়ের বিরূপ প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ সঞ্চারের আশঙ্কা রয়ে গেছে। আধুনিককালের থাইল্যান্ড এর আগে কখনোই এমন রণক্ষেত্র হয়নি। 'ইকোনোমিক্স ইন্টেলিজেন্ট ইউনিট' এর বিশ্লেষক ড্যানি রিচার্ডস বলছেন, থাইল্যান্ডে মারাত্মক দ্বিধাভিভক্তি দেখা দিয়েছে। দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার কথা এখনই বলা না গেলেও এটুকু বলা যায় যে, নাগরিক অস্থিরতা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ না করতে পারার ঝুঁকি বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/সিআর/১১০১ঘ.