২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক থমথমে, বিরাজ করছে অনিশ্চয়তা

থাই সেনাবাহিনী বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার পর ব্যাংকক আপাতত শান্ত হলেও পরিস্থিতি থমথমে। সামনে বিরাজ করছে নানা ঝুঁকি ও অনিশ্চয়তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

ব্যাংকক, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই সেনাবাহিনী বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার পর ব্যাংকক আপাতত শান্ত হলেও পরিস্থিতি থমথমে। সামনে বিরাজ করছে নানা ঝুঁকি ও অনিশ্চয়তা। সেনাদের দমনাভিযানের মুখে লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককে তাদের বিক্ষোভস্থল ছেড়ে গেছে ঠিকই। কিন্তু থাইল্যান্ডের নিম্নশেণীর মধ্যে কঠোর দমনাভিযান এবং রক্তক্ষয়ের বিরূপ প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ সঞ্চরের আশঙ্কা রয়ে গেছে। আধুনিককালের থাইল্যান্ড এর আগে কখনোই এমন রণক্ষেত্র হয়নি। 'ইকোনোমিক্স ইন্টেলিজেন্ট ইউনিট' এর বিশ্লেষক ড্যানি রিচার্ডস বলছেন, থাইল্যান্ডে মারাত্মক দ্বিধাভিভক্তি দেখা দিয়েছে। দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার কথা এখনই বলা না গেলেও এটুকু বলা যায় যে, নাগরিক অস্থিরতা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ না করতে পারার ঝুঁকি বিরাজ করছে। বুধবার বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত দমনাভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনারা। সেইসঙ্গে বাড়ানো হয় কারফিউয়ের সময়। এর আগে সেনাবাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থলের ব্যারিকেড ভেঙ্গে ঢুকে যায়। বিক্ষোভ দমনের চূড়ান্ত অভিযানে লাল শার্টদের বিভিন্ন আস্তানায় রাতভর অভিযান চালায় সেনারা। ব্যাংককের একটি মন্দিরে আশ্রয় নেওয়া কয়েকশ' বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে বৃহস্পতিবার ফাঁকা গুলি ছোড়ে সেনারা। রয়টার্সের এক আলোকচিত্রী জানান, মন্দিরে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীরা গুলির শব্দে ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে কমপক্ষে ছয়টি লাশ দেখেছেন বলে জানান তিনি। বিক্ষোভকারী নেতারা আত্মসমর্পণ করার পর বুধবার সেনা অভিযানের সময় বহু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্যাংককের গভর্নরের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার সকালে ৩১টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে প্রায় অর্ধেকই হলো ব্যাংক। এছাড়া একটি বিপণি বিতানও রয়েছে যেখানে কারফিউ জারি করার পর রাত আটটার দিকে (জিএমটি ১৩০০) আগুন ধরানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার ওপর। সেনা অভিযান চালিয়ে ব্যাংকককে সহিংসতার মুখে ঠেলে দেওয়ার জন্য ভেজ্জাজিভা চিরতরে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করছেন কেউ কেউ। রক্তক্ষয়ের চড়া মূল্যে ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ৩ এপ্রিল থেকে বিক্ষোভকারীদের দখলে থাকা এলাকাও খালি হয়েছে। বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন থাকায় এবং রাত্রিকালীন কারফিউয়ের কারণে শহরে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে শহরজুড়ে কতক্ষণ এভাবে সেনা পাহারা রাখা যাবে? বিক্ষোভকারীরা এখন ক্ষোভে ফুঁসছে। বলেছেন রাজনীতিবিজ্ঞানী টানেট চ্যারংমুয়াং। সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের অধিকাংশই শহর ও গ্রামের দরিদ্র পরিবার থেকে এসেছে। সরকারের পতন ও দ্রুত নির্বাচনের দাবিতে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে তারা আন্দোলন করছে। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত এবং প্রায় ২ হাজার ব্যক্তি আহত হয়েছে। বিক্ষোভ দমনাভিযান ও তা থেকে জন্ম নেওয়া ক্ষোভ থেকে গেরিলা যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন থাকসিন। গোপন এক স্থান থেকে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, "একটি তত্ত্ব রয়েছে যে সেনাবাহিনী আক্রমণ চালালে ক্ষোভের জন্ম নেয় এবং এতে করে বিক্ষুব্ধ জনগণ গেরিলায় পরিণত হয়।" বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এএইচ/এলকিউ/১২৪৪ঘ.