ব্রাসেলস, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অঙ্গ প্রত্যঙ্গ দানের সংখ্যা প্রতিস্থাপনের মান বাড়ানোর প্রস্তাবে বুধবার প্রবল সমর্থন জানিয়েছে ইউরোপের আইন প্রণেতারা।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অঙ্গ প্রত্যঙ্গ দান ও প্রতিস্থাপন বিষয়ক নির্দেশটি এমনভাবে করা হয়েছে যাতে ইইউভুক্ত ২৭টি দেশে এসব অঙ্গ প্রত্যঙ্গ সহজেই পাওয়া যায়। সেইসঙ্গে মানসম্পন্ন একটি বিপণন ব্যবস্থা ও সন্ধানপ্রক্রিয়াও থাকে। এ সময় ইউরোপের বেশিরভাগ পার্লামেন্টের প্রতিনিধিত্ব ছিল।
ইইউ'র বর্তমান প্রেসিডেন্ট স্পেন নির্দেশটি পাশ করাতে বেশ আগ্রহী। ইউরোপে স্পেনেই সবচেয়ে বেশি অঙ্গ প্রত্যঙ্গ দান করা হয়। প্রতি দশ লাখ স্প্যানিশের মধ্যে ৩৪ জনই অঙ্গ প্রত্যঙ্গ দানকারী, যেখানে পুরো ইউরোপে গড় অঙ্গ প্রত্যঙ্গ দাতার সংখ্যা মাত্র ১৮।
ইইউ'র স্বাস্থ্য ও ভোক্তানীতি কমিশনার জন দালি বলেন, "আজকের এ ভোট ৫০ হাজারেরও বেশি ইউরোপীয় রোগীর জন্য বড় ধরনের অগ্রগামিতা, যারা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন।"
"সম্ভাব্য সেরা মানের ও নিরাপদ অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করে এসব রোগীরা লাভবান হতে পারেন, সেটা ইউরোপবাসীকে নিশ্চিত করাই মূল ব্যাপার।"
এই নিদের্শের বলে এখন থেকে ইইউভুক্ত দেশগুলো তাদের দেশে এটা বাস্তবায়ন করতে পারবে। অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা পর্যবেক্ষণের জন্য তারা নতুন আইন কিংবা প্রচলিত আইন পাল্টাতে পারে। সেক্ষেত্রে নতুন আইন বা আইন পাল্টানোর জন্য তারা দু' বছর সময় পাবে।
ইইউ আশা করছে তাদের এ সুসংগঠিত উদ্যোগ সারা বিশ্বে অবৈধ অঙ্গ প্রত্যঙ্গ পাচার বন্ধে সাহায্য করবে। সেইসঙ্গে যেসব দেশে অঙ্গ প্রত্যঙ্গ দানের হার কম সেসব দেশের অপেক্ষমাণ রোগীদের জন্যও নতুন যকৃত, বৃক্ক, ফুসফুস ও হৃদপিণ্ড দান করা যাবে।
এক হিসাবে দেখা দেখে, ইউরোপে প্রতিদিন ১২ জন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অভাবে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪২১ঘ.
bdnews24