২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক সেনা নিয়ন্ত্রণে, কারফিউয়ের সময় বৃদ্ধি

রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ব্যাংককের নিয়ন্ত্রণ নিয়েছে থাই সেনাবাহিনী। পাশাপাশি বুধবার রাতে জারি করা কারফিউ আরো তিন রাতের জন্য বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 10:45 AM

ব্যাংকক, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ব্যাংককের নিয়ন্ত্রণ নিয়েছে থাই সেনাবাহিনী। পাশাপাশি বুধবার রাতে জারি করা কারফিউ আরো তিন রাতের জন্য বাড়ানো হয়েছে। এরআগে সেনাবাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থলের ব্যারিকেড ভেঙ্গে ঢুকে যায়। বিক্ষোভ দমনের চূড়ান্ত অভিযানে লাল শার্টদের বিভিন্ন আস্তানায় রাতভর অভিযান চালায় থাইল্যান্ডের সেনাবাহিনী। ব্যাংককের একটি মন্দিরে আশ্রয় নেওয়া কয়েকশ' বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে বৃহস্পতিবার ফাঁকা গুলি ছোড়ে সৈন্যরা। সেখানে বেশ কিছু নারী ও শিশু রয়েছে। রয়টার্সের এক আলোকচিত্রী জানান, মন্দিরে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীরা গুলির শব্দে ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে কমপক্ষে ছয়টি লাশ দেখেছেন বলে জানান তিনি। এদিকে এরওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টারের এক কর্মকর্তা জানান, বিক্ষোভস্থলের মধ্যে অবস্থিত এক মন্দিরের ভিতর নয়টি মৃতদেহ পড়ে থাকার বিষয়ে তিনি জানতে পেরেছেন। তবে উদ্ধারকর্মীরা সেখানে ঢুকতে পারছে না। রাজধানী ফাঁকা করতে পুরো সপ্তাহই ছুটি ঘোষণা করেছে সরকার। ব্যাংককের গভর্নরের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার সকালে ৩১টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে প্রায় অর্ধেকই হলো ব্যাংক। এছাড়া একটি বিপণি বিতানও রয়েছে যেখানে কারফিউ জারি করার পর রাত আটটার দিকে (জিএমটি ১৩০০) আগুন ধরানো হয়। বৃহস্পতিবার সকাল ৬টায় (বুধবার জিএমটি ২৩০০) কারফিউ প্রত্যাহার করার পরপরই বাস চলাচল শুরু করেছে। তবে রেল যোগাযোগ চালু হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। টেলিভিশন চ্যানেলগুলোকে কেবল সরকার অনুমোদিত অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিক্ষোভস্থলের ব্যারিকেড ভেঙ্গে সেনাবাহিনী বিদ্রোহীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় লাল শার্ট বিক্ষোভকারীদের চার জ্যেষ্ঠ নেতা আত্মসমর্পণ করে। এর পরপরই ২৪টি রাজ্যে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান। এরওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানিয়েছে, বিক্ষোভকারীদের এক ক্যাম্পে সহিংসতায় ৮১ জন আহত হয়েছে। বুধবার বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবারও ব্যাংককের কেন্দ্রীয় অঞ্চলে আগুন জ্বলতে দেখা গেছে। বুধবার রাতে কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ডিপার্টমেন্ট স্টোর কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডসহ ২৭টি ভবনে আগুন লাগিয়ে দিযেছে। সেন্ট্রাল ওয়ার্ল্ড আগুনে পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বুধবার স্টক এক্সচেঞ্জেও আগুন লাগানো হয়। এর পরপরই বৃহস্পতিবার ও বুধবার শেয়ার বাজার বন্ধের ঘোষণা দেওয়া হয়। এদিকে ব্যাংক অব থাইল্যান্ড জানিয়েছে, দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতে জারি করা কারফিউ আরো তিন রাতের জন্য বাড়ানো হয়েছে। ব্যাংককসহ ২৩টি প্রদেশে এ কারফিউ বরবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের অধিকাংশই শহর ও গ্রামের দরিদ্র পরিবার থেকে এসেছে। সরকারের পতন ও দ্রুত নির্বাচনের দাবিতে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে তারা আন্দোলন করছে। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত এবং প্রায় ২ হাজার ব্যক্তি আহত হয়েছে। এদিকে গোপন এক স্থান থেকে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে থাকসিন বলেন, "একটি তত্ত্ব রয়েছে যে সেনাবাহিনী আক্রমণ চালালে ক্ষোভের জন্ম নেয় এবং এতে করে বিক্ষুব্ধ জনগণ গেরিলায় পরিণত হয়।" পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল সাংবাদিকদের জানান, থাই কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৪ঘ.