২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবের নিন্দায় ইরান

ইরানের প্রেসিডেন্টের এক উপদেষ্টা বুধবার পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবনা অবৈধ বলে নিন্দা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

তেহরান, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরানের প্রেসিডেন্টের এক উপদেষ্টা বুধবার পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবনা অবৈধ বলে নিন্দা করেছেন। এ প্রস্তাবনা নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর ৪র্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাবনায় বুধবার একমত হয়েছে জাতিসংঘের ৫ স্থায়ী সদস্যদেশ। এরপরপরই ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঊর্ধ্বতন উপদেষ্টা মোজতবা সামারেহ-হাশেমির উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে তা আদৌ বৈধ নয়। ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি খসড়া এ প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, নতুন প্রস্তাবনার কোনো সুযোগ নেই। তিনি বলেন, "নিরাপত্তা পরিষদের সদস্যরা তাদের রন্ধরশালায় নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। নতুন এই ডিশ অতিথিদের সময়মতো পরিবেশন করা হচ্ছে না বলেই মনে হচ্ছে। অতিথিদের আহার ইতিমধ্যেই শেষ হয়েছে। তাই বিষয়টি কে এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই।" পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে রাজি না হওয়ায় নতুন খসড়া প্রস্তাবনায় ইরানের ব্যাংকিং ও অন্যান্য খাতে অবরোধ আরোপের পরিকল্পনা করা হয়েছে। কয়েক মাস ধরে আলোচনার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া এ চুক্তিতে সম্মত হয়। ১০ পৃষ্ঠার খসড়া চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সন্দেহজনক মালামাল পরিবহনে নিয়োজিত জাহাজগুলো ওপর আন্তর্জাতিক পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করে তারা জানায়, শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন করার মধ্যেই তাদের এ কর্মসূচি সীমাবদ্ধ রয়েছে। খসড়া চুক্তিতে বিদেশে ইরানের কোনো ব্যাংকের নতুন শাখা বা কোনো অফিস খুলতে নিষেধাজ্ঞা আরোপের জন্য পদক্ষেপ গ্রহণে বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যাতে সাহায্য করতে না পারে সেজন্য খসড়া চুক্তিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের লেনদেনের ওপর নজর রাখার জন্যও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। আরো বিভিন্ন ধরনের ভারি অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিদ্যমান অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে খসড়া চুক্তিতে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/সিআর/বিবি/এলকিউ/