লাহোর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি আদালত বুধবার ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র অঙ্কন প্রতিযোগিতার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক আইনজীবী একথা জানিয়েছেন।
২০ মে ফেসবুকে মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন ও ছবি আকাঁর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পত্রিকায় এ খবর প্রকাশের পর আদালত এ নির্দেশ দিল।
এ বিষয়ে লাহোর হাই কোর্টে পিটিশন দাখিলকারী ইসলামী আইনজীবী ফোরামের প্রতিনিধি আজহার সিদ্দিক রয়টার্সকে বলেন, "আদালত ৩১ মে পর্যন্ত সরকারকে ফেসবুক ব্লক করার নির্দেশ দিয়েছে। এর কারণ এ সমস্ত প্রতিযোগিতা মানে ধর্মকে কটাক্ষ করা।"
তিনি আরও বলেন, "কেন এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত।"
পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, সরকার মঙ্গলবার ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে ওয়েবসাইটটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, যাতে এ ধরনের কোনও ব্যাঙ্গচিত্র দেখা না যায়। তবে তাদের কাছে আদালতের নির্দেশ এখনো পৌঁছায়নি।
মহানবীর যে কোনও ধরনের ছবি প্রকাশ ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ বলে বিবেচিত।
তবে কেউ কেউ সতর্ক করে দিয়েছেন যে, আদালতের নির্দেশ ভেস্তে যেতে পারে।
নয়াটেল নামের মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী ওয়াজ-উস-সিরাজ বলেন, "সম্পূর্ণভাবে ওয়েবসাইটি বন্ধ করে দেওয়া হলে তা ব্যবহারকারীদের ক্ষেপিয়ে দেবে। বিশেষ করে তরুণ ও প্রাপ্তবয়স্কদের। কারণ তাদের কাছে ফেসবুক এতটাই জনপ্রিয় যে তারা তাদের বেশির ভাগ সময় এখানেই কাটান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ
bdnews24