ব্যাংকক, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাঁজোয়া যান দিয়ে লাল শার্টদের সেন্ট্রাল ব্যাংককের ব্যারিকেড ভেঙ্গে বুধবার তাদের অস্থায়ী ক্যাম্পের কিছু অংশের দখল নিয়েছে থাই সেনাবাহিনী।
অভিযানে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে বলে জানায় থাই সংবাদ সংস্থা।
থাই সরকার জানায়, ওই এলাকা লাল শার্টদের নিয়ন্ত্রণমুক্ত করে ভোরে অভিযান শুরু হলে কিছু লাল শার্ট নেতা পালিয়ে গেলেও আন্দোলনকারীরা এলাকা ছেড়ে যায়নি।
সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, সামরিক বাহিনী সফলভাবে আন্দোলন স্থলের দক্ষিণ অংশ লুম্পিনি পার্ক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
দু'জন সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ইতালির এক সাংবাদিক নিহত হয়েছে বলে থাই সংবাদ সংস্থা ধারণা করছে।
আক্রমণ শুরুর আগে সেনারা কাঁদানে গ্যাস ছোঁড়ে সরকারবিরোধী লাল শার্ট বিক্ষোভকারীদের দিকে। পরে সমাবেশ স্থলে থাকা প্রায় তিন হাজার বিক্ষোভকারীর দিকে ছুটে যায় সাঁজোয়া যান।
সেনাবাহিনী বিক্ষোভকারীদের দিকে গুলি চালালে কমপক্ষে দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে সহযোদ্ধাকে সাহায্য করতে গিয়ে একজনের বুকে গুলি লাগে। এ সময় সেনাদের দিকেও লাল শার্টরা পাল্টা গুলি চালায় বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান।
এছাড়াও লাল শার্টরা তাদের ব্যারিকেড তৈরির টায়ারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ফলে সেনারা যখন সাঁজোয়া যান নিয়ে ব্যারিকেড ভেঙ্গে দেয় তখন ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে সেন্ট্রাল ব্যাংককের মার্কেট এলাকা। যেখানে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে দখল টিকিয়ে রেখেছে লাল শার্টরা। এ সময় কালো ধোঁয়া হাজার হাজার বিক্ষোভকারীকে আড়াল নিতে সহায়তা করে।
এর আগে সেনারা ওই এলাকা থেকে লাল শার্টদের বিক্ষোভকারীদের লাউড স্পিকার দিয়ে সরে যেতে বলে। এ সময় সমাবেশ স্থলের ওপরে চক্কর দিচ্ছিল সামরিক হেলিকপ্টার।
এক সেনা লাউডস্পিকারে জানায়, "দয়া করে এখনই এ এলাকা থেকে সরে যান। কর্মকর্তারা অভিযান শুরু করবে।"
পাঁচদিনের সহিংসতা শেষে আলোচনা প্রস্তাব ভেঙ্গে যাওয়ার একদিন পর এ অভিযান শুরু হলো। গত পাঁচদিনের সহিংসতায় ৩৯ জন নিহত ও প্রায় তিন শ' জন আহত হয়।
তবে আন্দোলন থেকে সরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই লাল শার্ট বিক্ষোভকারীদের।
সেনাদের দিকে হাতে বানানোর রকেট ছোঁড়ার প্রস্তুতি নেওয়ার সময় উবন রাতচাথানি প্রদেশ থেকে আসা ৫৪ বছর বয়সী আন্দোলনকারী সামান নিয়াকুল বলেন, "পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই আমার। আরও ভালো থাইল্যান্ডের জন্য আমি এখানে যুদ্ধ করছি। দেশের জন্য প্রাণ গেলেও আমি কিছু মনে করব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১২৫৮ঘ.
bdnews24