২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধজাহাজ ডোবার ঘটনা নিয়ে ওবামা-বাকের আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং-বাকের টেলিফোনে কথা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ওয়াশিংটন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং-বাকের টেলিফোনে কথা হয়েছে। সোমবারের এই টেলিফোন আলাপে দক্ষিণ কোরীয় যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার ঘটনা স্থান পায় বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, দক্ষিণকোরীয় যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা তদন্তের বিষয়টি দুই নেতার আলাপের অন্যতম বিষয় ছিল। বিবৃতিতে আরো জানানো হয়, "আলোচনায় প্রেসিডেন্ট লি যুদ্ধ জাহাজ চেওনান ডুবে যাওয়ার ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক মারা যায়। "দুই নেতা এ ঘটনার দায়িত্ব নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং তদন্তের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন।" বিবৃতিতে বলা হয়, রিপাবলিক অব কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ওবামা ও লি তাদের সর্বোচ্চ চেষ্টা করার প্রতিজ্ঞাও করেছেন। দক্ষিণ কোরিয়া এ ঘটনার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেনি। তবে তাদের ধারণা, গত বছর সমুদ্রে সংগঠিত বন্দুকযুদ্ধের প্রতিশোধ নিতে পিয়ংইয়ং পরিকল্পিতভাবে তাদের বিতর্কিত সীমান্ত এলাকায় চেওনানকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে। অবশ্য এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে উত্তর কোরিয়া। তারা উল্টো লি'র সরকারের বিরুদ্ধে জুন মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এ ঘটনাকে ব্যবহার করার অভিযোগ এনেছে । এর আগে গত সপ্তাহে দেওয়া এক বক্তব্যে মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী জেমস স্টেইনবার্গ বলেন, উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের যে মনোভাব রয়েছে তদন্তের ফলাফল তাতে প্রভাব ফেলবে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৮ঘ.