তেহরান, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্ক ও ব্রাজিলের সঙ্গে পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে ইরান।
ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে যে বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কাটাতে এ চুক্তি সহায়ক হবে বলে মনে করছে তারা।
তাৎক্ষণিকভাবে চুক্তির বিস্তারিত জানা যায়নি। তেহরানে তিন দেশের নেতা আলোচনার মাধ্যমে চেষ্টা করছেন, কীভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞার সম্ভাবনা সরানো যায়।
ইরান জানায়, বিদেশ থেকে উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিনিময়ে তারা তাদের ১২ শ' কেজি অসমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) বিনিময়ে রাজি হয়েছে। বিদেশ থেকে আনা সমৃদ্ধ ইউরেনিয়াম চিকিৎসা গবেষণা চুল্লিতে ব্যবহার করা হবে।
পরমাণু জ্বালানি বিনিময় তুরস্কে সম্পন্ন হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানান। তিনি আরও জানান, মাসখানেকের মধ্যেই ইরান তার প্রতিবেশীদের কাছে এলইইউ দিতে পারে। জাতিসংঘের পরমাণু এজেন্সির তত্ত্বাবধানে এ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে।
পশ্চিমা শক্তিগুলোর ধারণা, ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করছে, তাদের এ পরমাণু কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য।
এ চুক্তি স্বাক্ষরের আগে ইরান বলেছিল, এ ধরনের যে কোনও বিনিময় তাদের মাটিতে হতে হবে।
তেহরানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, তেহরান জ্বালানি বিনিময়ে রাজি হওয়ায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আর কোনো যৌক্তিকতা নেই।
চুক্তি স্বাক্ষরের পর তিনি তেহরানে সাংবাদিকদের বলেন, "বিনিময় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা গঠনমূলক পথ উন্মুক্ত করতে চাইছে। তাই নতুন করে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের কোনও ভিত্তি নেই।"
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও ছয় বিশ্ব শক্তির প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।]
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "সততা, ন্যায়পরায়নতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে ইরানের সঙ্গে ৫ ১ দেশের আলোচনার এটাই সময়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৫১৬ঘ.
bdnews24