২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমস্কিকে বাধা দিল ইসরায়েল

মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কিকে (৮২) রোববার পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলের অভিবাসন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:53 AM

Updated : 25 Aug 2022, 10:37 AM

জেরুজালেম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কিকে (৮২) রোববার পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলের অভিবাসন কর্মকর্তারা। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতির তীব্র সমালোচক এ চিন্তাবিদ জর্ডানের রাজধানী আম্মান থেকে টেলিফোনে রয়টার্সকে এ তথ্য জানান। তিনি জানান, জর্ডান নদী পার হয়ে আলেনবি সেতু দিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়। ইহুদি চমস্কি বলেন, "আমি ইসরায়েল নয় বরং ফিলিস্তিনের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখব- তারা সম্ভবত এ বিষয়টি পছন্দ করছে না।" এদিকে ফিলিস্তিনের সাংসদ মুস্তফা আল- বারঘোওটি বলেন, আমেরিকার ভাষাতত্ত্বের অধ্যাপক চমস্কির বিরজেইত বিশ্ববিদ্যালয়ে এবং পশ্চিম তীরের রামাল্লা'র ইনস্টিটিউট ফর প্যালেস্টাইন স্টাডিজে বক্তব্য রাখার কথা রয়েছে। রয়টার্সকে তিনি বলেন, "মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে এটি এক ধরনের বর্ণবাদী কাজ।" এদিকে ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাবিনে হাদাদ জানান, সীমান্ত এলাকায় দায়িত্বপালনরত অভিবাসন কর্মকর্তারা চমস্কির সফরের উদ্দেশ্য ঠিক বুঝতে পারেনি। তারা ভেবেছে, চমস্কি ইসরায়েলও সফর করবে। তিনি জানান, কর্মকর্তারা সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি পাওয়ার চেষ্টা করছে। পশ্চিম তীরে প্রবেশের বিষয়টি সেনাবাহিনীই নিয়ন্ত্রণ করে। সাবিনে বলেন, "বিষয়টি সুরাহা করতে আমরা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং তাদের কোনো অভিযোগ না থাকলে চমস্কিকে প্রবেশে বাধা দেওয়ার আর কোনো কারণ থাকা উচিত নয়।" এদিকে চমস্কি জানান, এ সফরে তার অনেক জায়গায় যাওয়ার কথা রয়েছে। আর তার সময়সূচী এত সংক্ষিপ্ত যে, পশ্চিম তীরে আবারো প্রবেশের চেষ্টা করা সম্ভব হবে না। তিনি সর্বশেষ ১৯৯৭ সালে ইসরায়েল ও পশ্চিম তীর সফরে এসেছিলেন। সেসময় তিনি বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় ও বিরজেইতে বক্তব্য রাখেন। তিনি জানান, এর আগে ইসরায়েল সফরের অংশ হিসেবে পশ্চিম তীর সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৮ঘ.