লুইজিয়ানা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য রাজনৈতিক চাপ ও জনগণের কড়া সমালোচনার মুখে ব্রিটিশ পেট্রোলিয়াম তেল শোষণের নতুন পরিকল্পনা নিয়েছে।
লন্ডন ভিত্তিক তেল কোম্পানি বিপি শনিবার জানায়, পাইপ থেকে নির্গত তেল শোষণে তাদের সর্বশেষ পদক্ষেপ ব্যর্থ হয়েছে। তবে সমুদ্রগর্ভে নির্গত তেলের গতিমুখ ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা শিগগিরই সফল হবে বলে আশা প্রকাশ করেছেন কোম্পানিটির এক শীর্ষ কর্মকর্তা।
এ পরিকল্পনায়, সমুদ্রগর্ভে যে ২১ ইঞ্চি পাইপ ফেটে তেল নির্গত হচ্ছে, সে ছিদ্রে একটি রাবারে ঢাকা পাতলা টিউব ঢুকিয়ে তেল সরাসরি জাহাজে তুলে আনা হবে। এসব কাজ করা হচ্ছে রোবট দিয়ে।
মেক্সিকো উপসাগর থেকে সাগরে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলসহ ঐ অঞ্চলে ভয়াবহ পরিবেশ ও অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।
কর্মকর্তারা জানান, ছড়িয়ে পড়া তেল এর মধ্যেই উপকূলীয় অঞ্চলে ও প্রাণী জগতের
সামান্য ক্ষতি করেছে। তবে বেরিয়ার দ্বীপে এরই মধ্যে তৈলাক্ত পানি ছড়িয়ে পড়েছে এবং লুইজিয়ানা, অ্যালাবামা ও মিসিসিপি সমুদ্র সৈকতে তেল ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে।
বিপি'র প্রধান নির্বাহী টনি হাওয়ার্ড মেক্সিকো উপসাগরের আকৃতির তুলনায় তেল নিঃসরণের পরিমাণ খুবই সামান্য বলে মন্তব্য করায় লুইজিয়ানার নাগরিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
সমুদ্রে চিংড়ি ধরে জীবিকা নির্বাহকারী ৫৬ বছর বয়সী কেনেথ থেরিয়ত টনিকে ইঙ্গিত করে বলেন, "আমি মনে করি তিনি উন্মাদ।"
তেল নির্গমনের কারণে উপকূলীয় সব জেলে বেকার হয়ে পড়েছে।
টনি হাওয়ার্ডের এ মন্তব্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়।
ওদিকে, শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তেল নির্গমন বন্ধে ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "তেল কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে ফেডারেল সরকারের ওপরও এ ব্যর্থতার দায় বর্তাবে।"
ফুটো পাইপে টিউব ঢুকানোর প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এ টিউব শনিবার দিনের মধ্যে ঢুকানোর ব্যাপারে আশাবাদী বলে বিপি'র প্রধান প্রকৌশলী ডগ সাটল সাংবাদিকদের জানান।
২০ এপ্রিল 'ডীপওয়াটার হরাইজোন' রিগে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়। তখন থেকেই তেল নির্গত হচ্ছে।
এ দুর্ঘটনায় প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার ব্যারেল তেল নির্গত হয়ে সাগরে ছড়িয়ে পড়ছে যা যুক্তরাষ্ট্রের সর্বকালের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী 'এক্সোন ভালদেজ' দুর্ঘটনার ক্ষতির মাত্রা ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24