ব্যাংকক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- লাল শার্ট বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরাও মরিয়া অবস্থান নিয়েছে। তারা পেট্রল বোমা, আগ্নেয়াস্ত্র ও ঘরে তৈরি রকেট সজ্জিত হয়ে সেনাবাহিনীর মোকাবেলায় নেমেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী বালুর বস্তার আড়ালে ও উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়েছে। ব্যাংককে লোক চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। লোকজন যাতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিতে না পারে সে জন্য লোকজনকে পরিচয়পত্র দেখে চলাচল করতে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা শনিবার এক টেলিভিশন ভাষণে বলেন, "নিরাপত্তা বাহিনী পরিকল্পণা অনুযায়ী বিক্ষোভকারীদের দমন করবে। সরকারকে এগিয়ে যেতে হবে। আমরা যা কিছু করছি দেশের স্বার্থে করছি। সশ্রস্ত্র গোষ্ঠীর হাতে আমরা দেশকে তুলে দিতে পারি না।"
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী শনিবারও গুলি চালায়। বিবিসির খবরে বলা হয় এতে ৬ জন মারা গেছে। এই নিয়ে তিনদিনে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২২।
লাল শার্ট বিক্ষোভকারীদের নেতা কোয়ানচল প্রালপনা বলেন, "এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা দায়ী। আমরা লড়াই চালিয়ে যাবো।"
বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যাংককের রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছে। তারা যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে সেনাবাহিনীর একটি গাড়িও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24