২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সংঘাত বন্ধের আহ্বান মুনের, নিহতের সংখ্যা বেড়ে ১৬

দ্রুত অবণতিশীল পরিস্থিতি ও চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 03:26 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ব্যাংকক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্রুত অবণতিশীল পরিস্থিতি ও চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ব্যাংককে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন মারা গেছে। এতে আহত হয়েছে অন্তত ১৪১ জন। বিক্ষোভ দমাতে শুক্রবার আবারো গুলিবর্ষণ করে সেনারা। এ নিয়ে দুইমাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে ৪৬ জন নিহত হয়েছে। বান কি মুনের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে বলেন, 'তিনি (মুন) এই পরিস্থিতিকে আর বাড়তে না দিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জোর আহ্বান জানিয়েছেন।' কানাডা সরকারও থাই সরকারের প্রতি আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। শুক্রবারের সহিংসতায় আহত তিন সাংবাদিকের একজন কানাডীয়। ব্যাংককভিত্তিক ওই সাংবাদিক তিনবার গুলিবিদ্ধ হন। থাই সরকার শুক্রবার জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই শৃঙ্খলা ফিরে আসবে। ওদিকে, সেনা সরিয়ে নিয়ে লাল-শার্টদের সঙ্গে অবিলম্বে আবার আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ব্যাংককে থাকসিনের আইনি উপদেষ্টার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সরকারের কর্মকাণ্ড স্পষ্টতই অপরাধমূলক এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। যার জন্য প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাই দায়ী। ফলে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে লাল শার্টদের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানান থাকসিন। ব্যাংককের মার্কেট এলাকার অন্ততপক্ষে তিনটি রাস্তায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা শুক্রবার টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছোড়ে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। এএফপি জানায়, গুলির আতঙ্কে অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায়। ওদিকে, পুলিশের বাস ও সেনাযানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। গুলিতে আহত হয়েছে ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক। এদের একজন কানাডীয় সাংবাদিক ও অন্যজন থাই ফটোগ্রাফার। থাইল্যান্ডে সত্যিকারের গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রকৃত ও গহণযোগ্য একটি সংহতি পরিকল্পনার পথ খুঁজতে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে আহ্বান জানিয়েছেন থাকসিন। তবে থাই সরকার বলছে, তাদের দমনাভিযানের উদ্দেশ্য আন্দোলনকারী নেতাদেরকে সরকারের সঙ্গে আলোচনায় ফিরিয়ে আনা। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রাউইত ওংসন এএফপি কে বলেন, "সেনা অভিযানের লক্ষ্য আলোচনার টেবিলে ফিরে আসতে লাল শার্টদের ওপর চাপ সৃষ্টি করা।" বৃহস্পতিবার লাল শার্টদের ওপর সেনাবাহিনী গুলি চালালে চোখে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এছাড়া মাথায় গুলি লেগে গুরুতর আহত হন সরকার বিরোধী দলের নেতৃত্বে থাকা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত এক জেনারেল। কিন্তু এরপরও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না লাল শার্ট বিক্ষোভকারীদের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৭ঘ.