করাচি, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানে তাড়া খেয়ে পালানো তালেবান জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল এখন করাচি। অশান্ত উত্তর পশ্চিমাঞ্চল থেকে শ শ তালেবান জঙ্গি পালিয়ে গিয়ে আস্তানা গাড়ছে এ নগরীতে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এদের বাড়তে থাকা যোগসাজশ মাথাব্যথার কারণ হয়ে উঠছে আইন প্রয়োগকারী সংস্থার।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, করাচির শহরতলীতে বসবাসরত ১৮ লাখ পশতুন জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে।
করাচিতে সরাসরি জঙ্গি হামলার আশঙ্কা কমে এসেছিল অনেকটাই। কিন্তু নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ফয়সাল শাহজাদ এবং করাচির সঙ্গে তার যোগাযোগ থেকে এখানে জঙ্গি নেটওয়ার্কের তৎপরতার বিষয়টি সামনে চলে এসেছে।
পাকিস্তানি তালেবান তেহরিক ই- তালেবান পাকিস্তান (টিটিপি) এর নিুপদস্থ কয়েক ডজন কর্মী গ্রেপ্তার হওয়ায় করাচিতে জঙ্গি উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানায় কর্মকর্তারা। সেইসঙ্গে এসব জঙ্গি নিষিদ্ধ দলগুলোর পাশাপাশি অপরাধীদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বলে জানান তারা।
জঙ্গিবিরোধী অভিযানে জড়িত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে জঙ্গিরা ছোট ছোট ও স্বতন্ত্র দলে বিভক্ত হয়ে কাজ করছে। কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে এদের সরাসরি যোগাযোগ নেই। ফলে বড় দলের সন্ধানলাভ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "টিটিপিসহ লস্কর ই- জঙ্গভি, জইস ই- মোহাম্মদ এবং জুনদুল্লাহর মতো অন্যান্য প্রায় সব জঙ্গি সংগঠনই একই মতাদর্শ লালন করে। আর করাচিতে তারা সবাই একযোগে কাজ করছে বলে প্রমাণ পেয়েছি আমরা।"
তিনি বলেন, "একজন স্থানীয় আমিরের (কমান্ডার) অধীনে ১০/১৫ জনের একেকটি দল হিসাবে তারা কাজ করে। কখনো কখনো হাকিমুল্লাহ মেহসুদের মতো টিটিপির প্রধান নেতাদের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ থাকে না। তাই বৃহত্তর পরিসরে তাদের যোগসাজশ সম্পর্কে জানা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।"
তিনি আরও বলেন, "এসব দলে শুধু পশতুন জঙ্গিরাই নেই, আছে পাঞ্জাব, বেলুচিস্তান, এমনকি স্থানীয় জঙ্গিরাও।"
হামলা চালানোর জন্য তারা চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি ও অপহরণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪৬ ঘ.
bdnews24