২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: উন্নয়নশীল দেশের জন্য ৪২৫ কোটি ডলার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৪২৫ কোটি ডলার পেতে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 06:51 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ওয়াশিংটন, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৪২৫ কোটি ডলার পেতে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলো। শীর্ষস্থানীয় দাতা রাষ্ট্রগুলো গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিকে (জিইএফ) এবার এ পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। আগামী চার বছরব্যাপী এ অনুদান দেওয়ার বিষয়ে বুধবার প্যারিসে অনুষ্ঠিত জিইএফ'র বৈঠকে রাজি হয়েছে ৩০টি দাতা দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটাই বিশ্বের সর্ববৃহৎ সহায়তা তহবিল। জিইএফ-এর প্রধান নির্বাহী মনিকুয়ে বারবুত জানান, ডিসেম্বরে কোপেনহেগেন-এর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের পর তহবিল গঠনের বিষয়ে এটাই প্রথম বাস্তব অর্থনৈতিক অঙ্গীকার। কোপেনহেগেনে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির কয়েকটি মৌলিক ধারার ব্যাপারে সম্মতি জানাতে বেশ শোরগোল করেন যার ধারাবাহিকতা মেক্সিকোর কানকুন সম্মেলনেও দেখা যায়। চুক্তির একটি অন্যতম লক্ষ্য হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অর্থ সহায়তা দান। তহবিলের একটি অংশ জিইএফ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করবে। বারবুত বলেন, নতুন তহবিলের মধ্যে প্রায় ১৩৫ কোটি ডলার সরাসরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেওয়া হবে বলে বুধবার সিদ্ধান্ত হয়েছে। বাকি অর্থ ঝুঁকিপূর্ণ অঞ্চল ব্যবস্থাপনা ও প্রতিরোধ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ভূমি ও পানি দূষণ কমানো এবং বনায়ন খাতে ব্যয় করা হবে। প্যারিস বৈঠকে যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ নিকোলাস স্ট্রেন আন্তর্জাতিক অর্থ তহবিলের সভায় ২০১১ সালের মধ্যে বিশ্বনেতাদের প্রতি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, চুক্তির লক্ষ্য হওয়া উচিৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আগামী ৩ বছরে কীভাবে ৩ হাজার কোটি ডলার সহায়তা দেওয়া যায়। জিইএফ এর আগেও চারবার এ খাতে অর্থ সহায়তা দিয়েছে। সংস্থাটি ১৯৯৪ সালে ২০২ কোটি ডলার, ১৯৯৮ সালে ২৭৫ কোটি ডলার, ২০০২ সালে ২৯২ কোটি ডলার এবং ২০০৬ সালে ৩১৩ কোটি ডলার দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংস্থাটি বিশ্বের ১৬৫টি উন্নয়নশীল দেশের ২ হাজার ৪শ' জলবায়ু প্রকল্পে প্রায় ৮৭০ কোটি ডলার অনুদান দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ঘ.