কাঠমুন্ডু, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপাল নির্ধারিত সময়ের মধ্যে নতুন সংবিধান রচনা করতে পারবে না। ফলে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নেপালে অস্থিতিশীলতার প্রভাব পড়ে এ আঞ্চলের অন্য দেশগুলোতেও। কৌশলগতভাবে দেশটি ভারত ও নেপালের মাঝে অবস্থিত। ভারতের জনগণসহ লাখ লাখ মানুষের জন্য জলবিদ্যুৎ উৎপাদন এবং পানি সরবরাহের জন্য নেপালের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দুই বছর আগে রাজতন্ত্র থেকে মুক্তি পাওয়া সদ্য গণতান্ত্রিক দেশটির প্রথম খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদের সময়সীমা ২৮ মে পর্যন্ত।
কিন্তু গণপরিষদেও চেয়ারম্যান সুবাস নেমওয়াং বলেছেন, সাবেক মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত প্যানেলের হাতে এখনও টুকিটাকি বহু কাজ আছে। তাই খসড়া সংবিধান তৈরিতে আরো কমপক্ষে চার মাস সময় লাগবে।
তিনি রয়ার্টকে বলেন, "২৮ মে'র মধ্যে সংবিধান প্রস্তুত করা কঠিন। কারণ নিয়ম-নীতি মেনে সংবিধান তৈরির জন্য আমাদের হাতে যে সময় আছে তা যথেষ্ট নয়।"
প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল সময়সীমা বাড়ানোর পথ খুঁজছেন। তার অফিস জানায়, এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে সময়মতো সংবিধান রচনা করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ ঘ.
bdnews24