লন্ডন, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান যুদ্ধকেই সবচেয়ে বেশি অগ্রধিকার দেবে নতুন ব্রিটিশ সরকার।
নতুন জোট সরকার আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্র"তিবদ্ধ থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে। ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বুধবার একথা বলেছেন।
কনজারভেটিভ পার্টির সাবেক উপনেতা হেগ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
আফগানিস্তানই আমাদের মূল বিবেচ্য বিষয় হয়ে থাকবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আফগানিস্তান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করাকেই আমরা জরুরি ভিত্তিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব।"
আফগানিস্তানে ব্রিটেনের ৯ হাজার ৫০০ সেনা রয়েছে। ২০০১ সালে তালেবান নির্মূল করার জন্য আমেরিকার আগ্রাসনের পর যুক্তরাজ্য তাদের মিত্র হিসেবে সেখানে রয়েছে ।
তবে আফগানিস্তানে ২৮৫ সেনা নিহত হওয়ার পর অনেক ব্রিটিশের কাছে এ যুদ্ধ জনপ্রিয়তা হারিয়েছে।
তিনি আরো বলেন, ব্রিটেনে রেকর্ড বাজেট ঘাটতি থাকলেও সামরিক খাতে বরাদ্দ কমানো হবে না। সরকার প্রতিরক্ষা নীতি ও বাজেটের বিষয়টি পর্যালোচনা করবে।
"এ বছর সামরিক খাতে বরাদ্দ কমানো হবে না। ভবিষ্যতে কী ঘটবে তা কৌশলগত প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার উপর নির্ভর করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩
bdnews24