২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢুঁশো খেলেন মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট

বাক স্বাধীনতার ওপর মঙ্গলবার ভাষণ দিতে গিয়েছিলেন লার্স ভিল্কস। কিন্তু ভাষণ শেষ করার আগেই তাকে ঢুঁশো খেতে হয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 07:01 AM

Updated : 24 Aug 2022, 09:25 PM

স্টকহোম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাক স্বাধীনতার ওপর মঙ্গলবার ভাষণ দিতে গিয়েছিলেন লার্স ভিল্কস। কিন্তু ভাষণ শেষ করার আগেই তাকে ঢুঁশো খেতে হয়েছে বলে জানান তিনি। ২০০৭ সালে মহানবী মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকে মুসলিম বিশ্বের বিরাগভাজন হন ভিল্কস। সুইডিশ পত্রিকাগুলোর ইন্টারনেট সংস্করণে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সভাকক্ষের ভিতর চিৎকার করছে ক্রুদ্ধ জনতা। তাদের অনেকেরই পা দেখা যাচ্ছে। সামনে থাকা পুলিশ এক ব্যক্তিকে নিরস্ত্র করতে মরিচের গুঁড়ো মেশানো পিচকিরি ছুঁড়ছে। একটি কুকুরের শরীরের সঙ্গে মহানবীর মুখমণ্ডল এঁকে সমালোচিত হওয়া ভিল্কস জানান, স্টকহোম থেকে ৪৪ মাইল দূরের আপশালা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় সামনের সারিতে থাকা এক শ্রোতা তাকে ঢুঁশো মারেন। বার্তা সংস্থা টিটি ভিল্কসের বরাত দিয়ে জানায়, "ঢুঁশো মারার পর আমি ছিটকে গিয়ে দেওয়ালে বাড়ি খাই। এতে আমার চশমা পড়ে ভেঙ্গে যায়।" তবে ঢুঁশো খেয়ে খুব একটা আহত হননি বলে জানান তিনি। মূলত ভিল্কসের ওই ঘটনা ঘটে যাওয়ার পরের পরিস্থিতিই তুলে ধরা হয়েছে ভিডিও চিত্রটিতে। যেখানে কয়েক ডজন মানুষ চিৎকার চেঁচামেচি করে সভাকক্ষে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করছে এবং তাদের পা দেখা যাচ্ছে। ভিড়ের মধ্য থেকে এক নারীর চিৎকারও ভেসে আসে। যেখানে তিনি আরবিতে বলছেন, আল্লাহ মহান। সুইডিশ প্রচারমাধ্যম জানায়, ভিল্কস যখন যৌনতা ও ধর্মীয় চিত্র সম্বলিত একটি ভিডিও চিত্র দেখানো শুরু করেন, তখনই এ ঘটনা ঘটে। আফটনব্ল্যাডেট পত্রিকাতে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় ভিল্কসের ভিডিও ক্লিপটির শিরোনাম 'আল্লাহ হো গে-বার'। আপশালা পুলিশের এক মুখপাত্র জানায়, ওই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত জানার জন্য ভিল্কসকে পাওয়া যায়নি। তিনি জানান, নবীর ব্যঙ্গচিত্র আঁকার পর থেকেই হত্যার হুমকি পেয়েছেন তিনি। বেশিরভাগ মুসলমানই মনে করেন, নবী মোহাম্মদ (সা.) এর যে কোনও ধরনের অনুকৃতিই অপরাধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১২৫৯ঘ.