ওয়াশিংটন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বৈঠকে আফগান যুদ্ধে বেসামরিক প্রাণহানির বিষয়টিই প্রাধান্য পাবে।
কারজাই সোমবার ওয়াশিংটন সফর শুরু করেছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা।
কারজাইয়ের মুখপাত্র ওয়াহেদ ওমার ধারণা করছেন, আলোচনা খোলামেলা হবে। তবে লক্ষ্য থাকবে কীভাবে দু'পক্ষের মিত্রতা আরও বাড়ানো যায়। সেইসঙ্গে যুদ্ধে বেসামরিক প্রাণহানি নিয়ে আফগান জনগণের উদ্বেগের বিষয়টি তালিকার শীর্ষে স্থান পাবে।
ওমার রেডিও লিবার্টিকে বলেন, "আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে বিষয়গুলো তুলে ধরলে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয় আমরা সেসব বিষয়ই তুলে ধরব।"
বেসামরিক প্রাণহানির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশটিতে মার্কিন ও বিদেশি সেনার উপস্থিতির প্রতি আফগান জনগণের সমর্থন ক্রমেই কমে যাচ্ছে। ২০০৯ সালে ২ হাজার চার শ'রও বেশি বেসামরিক আফগান প্রাণ হারায়।
এদের অনেকেই তালেবান জঙ্গিদের হাতে নিহত হলেও ন্যাটো বাহিনীর হাতেও মারা যাওয়া বেসামরিক আফগানের সংখ্যা নেহায়েত কম নয়।
গত অক্টোবর থেকে মার্চের মধ্যে ন্যাটো বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৯ জন বেসামরিক আফগান।
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রধান মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল জানান, জঙ্গিবিরোধী কৌশল কার্যকর করতে হলে বেসামরিক হতাহতের পরিমাণ কমানোই মুখ্য বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪২৯ঘ.
bdnews24