সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গর্ডন ব্রাউন।
আগামী সেপ্টেম্বরে দলের সম্মেলনের আগে তিনি দলে নতুন নেতৃত্ব দেখতে চেয়েছেন।
টনি ব্লেয়ারের পর ব্রাউন ২০০৭ সাল থেকে প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ২৫৮ আসন পেয়েছে লেবার পার্টি। তাদের চেয়ে ৪৮টি আসন বেশি পেয়েছে কনজারভেটিভ পার্টি।
তৃতীয় স্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির আসন ৫৭টি। লেবার কিংবা কনজারভেটিভ- সরকার গড়তে যে কারোই জোট বাঁধতে হবে ডেমোক্রেটদের সঙ্গে।
ডাউনিং স্ট্রিটে সোমববার লিবারেল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, লেবার পার্টির নেতা হিসাবে থাকার অথবা প্রধানমন্ত্রী হিসাবে থাকার কোনো ইচ্ছা তার নেই।
তিনি বলেন, "আমি লেবার পার্টিকে বলতে চাই নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে। আমি আশা করছি পার্টির সম্মেলনের আগেই নতুন লিডার দায়িত্ব নেবে।"
নির্বাচনের ফলাফলের পর থেকেই চাপের মধ্যে রয়েছেন ব্রাউন। দলের এমপিরা ইতিমধ্যে তাকে নেতৃত্ব ছাড়তে বলেছে। জনমত জরিপেও দেখা যায়, ৬২ শতাংশ মানুষ চান গর্ডন ব্রাউন ক্ষমতা ছেড়ে দিন।
ব্রাউন ২০০৭ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৮৩ সালে তিনি সর্বপ্রথম এমপি নির্বাচিত হন। ১৯৯৭ সালে লেবার পার্টির সরকারে অর্থমন্ত্রী ছিলেন তিনি।
লেবার পার্টিতে ব্রাউনের উত্তরসূরি হিসেবে যাদের ভাবা হচ্ছে, তার মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন, পার্লামেন্টে লেবার পাটির উপনেতা হ্যারিয়েট হারমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24