২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপসাগরে এখনো নিসৃত হচ্ছে তেল

মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপের তেল নিঃসরণ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 09:20 PM

রবার্ট, লা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপের তেল নিঃসরণ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ব্রিটিশ তেল কোম্পানি বিপি পিএলসি সোমবার জানিয়েছে, তেল নিঃসরণ বন্ধের চেষ্টায় এ পর্যন্ত তাদের ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ হয়েছে। তেল নিসৃত হতে থাকায় পবিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয়ের হুমকি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে তারা। তেল নিঃসরণ বন্ধে বিপি এক সপ্তাহের বেশি সময় ধরে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত কার্যকরী পদ্ধতি গ্রহণ করার পরও তা ব্যর্থ হওয়ায় তারা এখন নতুন পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে, লন্ডনের শেয়ার বাজারে ইউরোপীয় তেলক্ষেত্রের সূচক ২ দশমিক ৫ শতাংশ বাড়ার বিপরীতে বিপির শেয়ারের দর এক শতাংশ কমে গেছে। গত মাসে সঙ্কট শুরুর পর থেকেই বিনিয়োগকারীদের কাছে বিপির মূল্য কমে গেছে। অনিয়ন্ত্রিত এ তেল নিঃসরণ ছড়িয়ে পড়তে পারে আরও পশ্চিমে মিসিসিপি ব-দ্বীপের পশ্চিমে সেন্ট্রাল লুইজিয়ানা উপকূলের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ ও সামুদ্রিক খাদ্য প্রাচুর্যের অঞ্চলে। তবে ফ্লোরিডার জনপ্রিয় সৈকতগুলো এখনও অনেকটাই দূরে রয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, লুইজিয়ানার সর্ব দক্ষিণের অঞ্চল ইডস বন্দরে ছড়িয়ে পড়া তেলের অস্তিত্ব মিলেছে। যেখানে নৌকা ও হেলিকপ্টার ছাড়া অন্য কোনভাবে যাওয়া যায় না। বিপি এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের দায়, তেল নিয়ন্ত্রণ, তেল কূপ খননের ত্রাণ এবং উপকূলীয় রাজ্যগুলোতে তেল পরিষ্কারের কাজে গতি আনার কাজে অনেক বেশি অর্থ খরচ হচ্ছে তাদের। ফলে চূড়ান্ত খরচের পরিমাণ বহুগুণ বেড়ে তা বিশ্লেষকদের ধারণা ছাড়িয়ে যেতে পারে। গত ২০ এপ্রিল গভীর সমুদ্র তলে অবস্থিত তেলকূপের একটি রিগে বিস্ফোরণ ঘটলে ১১ জন খনি শ্রমিক মারা যায় এবং রিগের ফুটো দিয়ে তেল নিঃসরণ শুরু হয়। প্রতিদিন কমপক্ষে ৫ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে। ছড়িয়ে পড়া এ তেল মেক্সিকো উপসাগরের উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্য বিনষ্টের হুমকি তৈরি করেছে। সেইসঙ্গে মৎস্য আহরণক্ষেত্র এবং বন্যপ্রাণীদের বেঁচে থাকাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০১৭ ঘ.