কাঠমান্ডু, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- নেপালে অনির্দিষ্টকালের সাধারণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মাওবাদীরা। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের চাপ অব্যাহত থাকবে।
গত কয়েকদিনের ধর্মঘটে হিমালয়ের পাদদেশে অবস্থিত দরিদ্র দেশটির দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়ে। প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে জ্বালানি ও ঔষধের সরবরাহ বন্ধ হয়ে যায়।
এরই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের চাপে পড়েই মাওবাদীরা ধর্মঘট প্রত্যাহার করে নিতে অনেকটা বাধ্য হয়। কারণ ধর্মঘটে সাধারণ নেপালিরাই সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়।
ছয়দিন পর সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মাওবাদীরা ধর্মঘট প্রত্যাহার করলো।
মাওবাদীদের প্রধান প্রচন্ড শুক্রবার পার্টির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা সাধারণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
দুই বছর আগে মাওবাদীদের নেতৃত্ত্বেই সরকার গঠিত হয়। কিন্তু রাষ্ট্রপতি দেশের সেনাপ্রধানকে বরখাস্ত করতে অসম্মতি জানালে তারা সরকার থেকে বেরিয়ে যায়।
তখন থেকেই মাওবাদীরা সরকারের বিরোধিতা করে আসছে।
মাওবাদীদের নেতৃত্ত্বে নতুন জোট সরকার গঠন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা ধর্মঘটের ডাক দেয়। এর মাধ্যমে প্রায় একবছর পর মাওবাদীরা পুনরায় ক্ষমতায় ফিরে আসার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, নেপালের ৬০১ আসন বিশিষ্ট পার্লামেন্টের ৪০ শতাংশ মাওবাদীদের দখলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪৩৫ঘ.
bdnews24