২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে প্রথম বাঙালি এমপি রুশনারা

ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এন্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। বাঙালি হিসেবে রুশনারাই প্রথম হাউস অব কমন্সে যাচ্ছেন। (আরো তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে লন্ডন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এন্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। বাঙালি হিসেবে রুশনারাই প্রথম হাউস অব কমন্সে যাচ্ছেন। যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য এ এক ঐতিহাসিক ঘটনা। নির্বাচনে রুশনারা আলী পেয়েছেন ২১ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মাশরুর পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। অর্থাৎ, মাশরুরের চেয়ে ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়েছেন রুশনারা। আর তৃতীয় অবস্থানে থাকা রেসপেক্ট-ইউনিটি কোয়ালিশনের আবজল মিয়া পেয়েছেন ৮ হাজার ৫৩২ ভোট। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রুশনারা বলেন, "বাংলাদেশে আমার জন্ম। বাঙালি হয়ে আমি গর্বিত। বিশ্বব্যাপী লাখ লাখ বাঙালি এ বিজয়কে দেখছেন তাদের বিজয় হিসেবে। কারণ এই প্রথমবারের মতো গণতন্ত্রের মাতৃভূমি ব্রিটেনের পার্লামেন্টে একজন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন।" যারা তাকে ভোট দিয়ে এই আসনে এমপি নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রুশনারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বিভক্তির রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে এবং মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত হতে হবে।" নিজের অগ্রাধিকারমূলক কাজ সম্পর্কে তিনি বলেন, "আমার প্রথম কাজ হবে- নিজ এলাকার তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও তাদের উন্নত ভবিষ্যতের জন্য কাজ করা। এলাকার বাসিন্দাদের আবাসন সমস্যা সমাধানে সহযোগিতা করা।" বেথনালে রুশনারার আসনটিতে গত বছর দাঁড়িয়েছিলেন জর্জ গ্যালোওয়ে। এবার বেথনাল গ্রিন এন্ড বো আসনে সব কটি প্রধান রাজনৈতিক দলই বাঙালি প্রার্থীকে এমপি পদে মনোনয়ন দেওয়ায় এবার ব্রিটিশ পার্লামেন্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হবেন তা আগেই নিশ্চিত হয়ে যায়। সব দলের প্রার্থী বাঙালি হওয়ায় নিজ নিজ পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে বাঙালি কমিউনিটিতে রীতিমতো সাড়া পড়ে যায়। এই উত্তেজনা দেখা গেছে নির্বাচনের দিনও। বেশিরভাগ পোলিং স্টেশনেই ভোটারদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, এ রকম তারা আগে আর কখনো দেখেননি। সব মিলিয়ে বৃহস্পতিবার ভোটের দিন একটা উৎসবের আমেজ বিশেষভাবে লক্ষণীয়। রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। রুশনারা রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৭ বছর বয়স থেকে রুশনারা লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়। এই দীর্ঘ পথ চলায় তিনি দীক্ষা নিয়েছেন ১৯৫৪ সালে লেবার পার্টির মেনিফেস্টোর অন্যতম লেখক মাইকেল ইয়াংয়ের কাছে। বিভিন্ন সময় লেবার পার্টির এমপি-মন্ত্রীদের হয়ে কাজ করেছেন। হাত পাকিয়েছেন তাদের রাজনৈতিক বক্তৃতার স্ক্রিপ্ট লিখে। রুশনারা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ক্যাম্পেইন করেছেন দলের হয়ে। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রাক্তন এমপি উনা কিং এর হয়ে পার্লামেন্টারি এসিস্ট্যান্ট হিসেবে হাউজ অব কমন্সে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এখানেই তিনি তিন বছর ধরে বৈষম্য বিরোধী ইস্যুতে গবেষক হিসেবে কাজ করেছেন। লেবার নেতারা তাকে দেখেন দলের 'অ্যাসেট' হিসেবে। তাই নির্বাচনের আগে দলের প্রার্থী রুশনারা আলীর পক্ষে প্রচারণা চালাতে খোদ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও আসেন টাওয়ার হ্যামলেটসে। রুশনারা লেবার দলীয় সরকারেও অবদান রেখেছেন। ফরেন অফিসে মানবাধিকার বিষয়ে, হোম অফিসে জাতীয় ও আঞ্চলিক সংস্থাগুলোকে সংগঠিত করতে বার্নলি, ব্রাডফোর্ড ও ওল্ডহ্যামের ২০০১ সালের দাঙ্গার পর নীতি নির্ধারণে সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৭ জুলাই লন্ডনে বোমা হামলার পর উগ্রবাদ প্রতিরোধে হোম অফিসের ওয়ার্কিং গ্র"পের সদস্য হয়ে কাজ করেছেন। কাজ করেছেন ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের একজন রিসার্চ ফেলো হিসেবে। সামাজিক কর্মকাণ্ডে রুশনারা আলীর অংশগ্রহণ সাবলীল। ইন্টারপ্রিটিং কোম্পানি ল্যাংগুয়েজ লাইন প্রতিষ্ঠায় রুশনারার ভূমিকা ছিল অপরিসীম। টাওয়ার হ্যামলেটসের সামার ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়ং ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পল হ্যামলিন ফাউন্ডেশনের সাবেক ট্রাস্টি রুশনারা। লন্ডন চাইল্ড পোভার্টি কমিশনের অন্যতম কমিশনার হিসেবে শিশুদের কল্যাণে অনেক আইনগত পদক্ষেপ নিয়েছেন তিনি। তিনি টাওয়ার হ্যামলেটস কলেজের বোর্ড মেম্বার ছিলেন। ১০ বছর জিএমবি ট্রেড ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন লেবার দলীয় নব নির্বাচিত এই এমপি। সাধারণ এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান হিসেবে রুশনারা নিজ এলাকার বাঙালি কমিউনিটির সমস্যা সম্পর্কে যেমন ওয়াকেবহাল, তেমনি ওয়েস্টমিন্সটার রাজনীতির গতিধারারও খোঁজ রাখেন তিনি। এর আগে পার্লামেন্টে কাজ করার অভিজ্ঞতাই তাকে পৌঁছে দিয়েছে জনমানুষের কাছাকাছি। প্রথম বাঙালি এমপি হিসেবে তার ভিশন- হাউজিং ও শিক্ষার উন্নয়ন। কমিউনিটি স্কুলের উন্নয়ন করতে চান রুশনারা। শিশু দারিদ্র্য বিমোচনের জন্য মায়েদের ক্ষমতায়ন, ওভারক্রাউডিং, বেকারত্ব সমাধান, জাতীয় সমৃদ্ধি ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নই তার অগ্রাধিকামূলক বিষয়। আজমল মাশরুর এর জন্ম ১৯৭১ সালে সুনামগঞ্জের ছাতকে। ১৯৫৮ সালে মাশরুরের বাবা ব্রিটেন চলে যান। তার বাবার বাড়ি ছাতকের কাটাশোলা গ্রামে। তিনি লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে আরবি সাহিত্য ও রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন। আবজল মিয়া ১৯৭১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাঘিরগাট গ্রামে। আবজল মাস্টার্স করেছেন নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে। বর্তমানে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর। আরেক বাঙালি প্রার্থী জাকির খান। তিনি কনজারভেটিভ পার্টির। তার জন্ম ১৯৭১ সালে। ১৯৭৬ সালে ৫ বছর বয়সে তিনি লন্ডন চলে যান। বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। তিনি পড়াশোনা করেছেন সেন্ট পিটার্স প্রাইমারি স্কুল ও সেন্ট পলস সিক্সথ ফরম স্কুলে। এই আসনে আরেক বাঙালি প্রার্থী গ্রিন পার্টির ফরিদ বখত। তার জন্ম পূর্ব লন্ডনের হ্যাকনিতে। বাবার বাড়ি সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস ও ব্রাডফোর্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। এবার ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সবচেয়ে বেশি আসন পেয়েছে কনজারভেটিভ বা টোরি দল। পার্লামেন্টের নিুকক্ষ হাউস অব কমন্স (কমন্স সভা)-এ ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৩০৫টি আসন। ২৫৮টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে লেবার পার্টি। আর লিবারেল ডেমোক্রেট দল পেয়েছে ৫৭টি আসন। ২৭টি আসন পেয়েছে অন্যরা। হাউস অব কমন্সে রয়েছে মোট ৬৫০টি আসন। নির্বাচনের আগের দিন একটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে নির্বাচন স্থগিত আছে। ১৯৭৪ সালের পর এই প্রথম সংসদ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হল। কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তার 'ম্যান্ডেট' হারিয়েছেন। আর ব্রাউন বলেছেন, এখন একটি 'স্থিতিশীল এবং দৃঢ়' সরকার প্রয়োজন। লিবারেল ডেমোক্রেট দলের নেতা নিক ক্লেগ মন্তব্য করেছেন, এখন সরকার গঠনের প্রথম অধিকার রয়েছে কনজারভেটিভ দলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/ডিডি/এইচএ/২৩৩২ ঘ.