সৈয়দ নাহাস পাশা,
লন্ডন থেকে
লন্ডন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের নির্বাচনে রক্ষণশীলরাই সর্বাধিক আসনে জয়ী হতে যাচ্ছে। ফলফল ঘোষণা প্রায় শেষ। আর কয়েকটি আসনের ফল বাকি।
কিন্তু এরই মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় দল হিসাবে আর্বিভূত হয়েছে তারা। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে তারা পাচ্ছে না এ বিষয়টি স্পষ্ট।
শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯ টা পর্যন্ত পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৬১৬টি আসনের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ২৯১টি আসনে কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টি ২৫১ এবং লিবারেল ডেমক্রেটরা ৫২টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য ছোট দলগুলো পেয়েছে ২৭টি আসন।
রক্ষণশীল দলীয় নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, "লেবার পার্টি গণরায়ে হেরে গেছে।" অন্যদিকে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন স্কটল্যান্ডে তার নির্বাচনী এলাকা থেকে ভোরে ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন। তিনি বলেন, "লেবার পার্টির ১৩ বছরের শাসনামলের জন্য তিনি গর্বিত।"
লেবার পার্টির অন্যতম নেতা পিটার ম্যান্ডেলসন জানান, প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত নেননি, কারণ আরও ফলাফল আসা বাকি রয়েছে। তবে তারা জোট সরকার গঠন করবেন কিনা সে বিষয়টিও উড়িয়ে দেননি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লেবার পার্টি জোট সরকার গঠন করতে পারে। এ লক্ষ্যে তারা লিবারেল ডেমোক্রেটদের সঙ্গে নিতে পারে।
ঐতিহ্যগতভাবে শুক্রবার দুপুরে চূড়ান্ত ফলাফলের ওপর ভিত্তি করে রাণী এলিজাবেথ বিজয়ী দলকে সরকার গঠনের আহ্বান জানান। কিন্তু ঝুলন্ত পার্লামেন্ট হওয়ায় রাণী এ ব্যাপারে কাউকে প্রভাবিত করবেন না। রাজনীতিবিদরাই বিষয়টি সুরাহা করে রাণীর কাছে যাবেন।
ইতোপূর্বে আংশিক ফলাফল ঘোষণার পর রক্ষণশীল দলের ডেভিড ক্যামেরন মন্তব্য করেছিলেন, পরিস্কার বোঝা যাচ্ছে, লেবার পার্টি দেশ পরিচালনার সমর্থন হারিয়েছে।
লেবার বা রক্ষণশীল কোনো দলই এখনো নির্বাচনে বিজয়ী হয়েছে এমন ঘোষণা দেয়নি। লেবার পার্টি এখনো পর্যন্ত ৮৭টি আসন হারিয়েছে আর রক্ষণশীলরা অতিরিক্ত ৯৫ আসনে জয়ী হয়েছে।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ভোট দেয়।
দেশজুড়ে নির্বাচনী প্রার্থী ৪, ১৫০ জন। এমপি নির্বাচনের পাশাপাশি ভোটাররা ইংল্যান্ড জুড়ে ১৬৪ টি স্থানীয় কর্তৃপক্ষের কাউন্সিলরও নির্বাচন করবে। ১৯৯২ সালের পর ব্রিটেনের ইতিহাসে এ নির্বাচনই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।
ব্রিটেনে এই প্রথমবারের মতো একজন বাঙালি এমপি হতে চলেছেন। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসনে ভোট গণনা চলছে। লেবার পার্টির রুশনারা আলী এগিয়ে আছেন।
নির্বাচন নিয়ে বিশ্লেষকদের ধারণাই সত্য প্রমাণিত হয়েছে। ফলাফল অনুযায়ী ৬৫০ আসনের এই পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্টই হতে যাচ্ছে। কারণ কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
১৯৭৪ সালের পর ব্রিটেনে কখোনো এমন নির্বাচনী ফলের পূর্বাভাস পাওয়া যায়নি এবং দেশটিতে জোট সরকার গঠনেরও প্রচলন নেই। ছয়টি সংবাদপত্র পরিচালিত সর্বশেষ মতামত জরিপে কনজারভেটিভ পার্টি লেবার পার্টির চেয়ে ছয় থেকে নয় শতাংশ এগিয়ে ছিল।
মধ্য ডানপন্থি কনজারভেটিভ দলের সাবেক জনসংযোগ কর্মকর্তা ডেভিড ক্যামেরুন এর দলের জনপ্রিয়তা গত এক বছরে ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রায় ১৩ বছরের লেবার দলের শাসনের পর এবার ব্রিটেন ডেভিড ক্যামেরুনের পরিবর্তনের ডাকে সাড়া দেবে।
নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কিভাবে ব্রিটেনের অর্থনীতিকে মন্দার হাত থেকে উদ্ধার করা যাবে। আর নির্বাচিত নতুন সরকার কিভাবে বাজেট ঘাটতি কমাতে পারবে।
লিবারেল ডেমোক্র্যাটিক দলের নেতা নিক ক্লেগের উত্থান ঘটায় নির্বাচন সমীকরণ আরও জটিল আকার ধারণ করে। টিভি বিতর্কেও ভাল অবস্থানে আসেন নিক ক্লেগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৯ঘ.
bdnews24