সিউল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার সমুদ্র সীমার কাছে গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় বাইরে থেকে ছোঁড়া টর্পেডোই দায়ী।
তদন্ত প্রতিবেদনে এ সত্যই বেরিয়ে এসেছে বলে শুক্রবার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে।
দক্ষিণ কোরীয় ও বিদেশি তদন্তকারীদের দল, টর্পেডোতে যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে, তার অস্তিত্ব ডুবন্ত জাহাজে খুঁজে পায়। এছাড়া টর্পেডোর বিভিন্ন ধাতব অংশের টুকরারও সন্ধান মেলে ওই জাহাজে। সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানায় ইয়োনহ্যাপ।
এ ঘটনায় দক্ষিণ কোরীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে দায়ী না করলেও তাদের বিশ্বাস পিয়ংইয়ং জেনেশুনেই ১২ শ' টন ধারণক্ষমতাসম্পন্ন ওই যুদ্ধ জাহাজটিকে টর্পেডো ছুঁড়ে ডুবিয়ে দিয়েছে।
ডুবন্ত জাহাজ থেকে পাওয়া ধাতব টুকরা ও রাসায়নিক অবশেষ দেখে মনে হচ্ছে এ ধরনের টর্পেডো জার্মানিতে তৈরি হয়।
সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ জানান, নিজেদের জড়িত থাকার ব্যাপারটি আড়াল করতেই হয়তো উত্তর কোরিয়া এক্ষেত্রে তাদের মিত্র চীন ও রাশিয়ার অস্ত্র ব্যবহার করেনি।
উত্তর কোরিয়া অভিযোগ অস্বীকার করে উল্টো বলছে, জুনের স্থানীয় নির্বাচনে রাজনৈতিক সুবিধা লাভের আশায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক এ ঘটনাকে ব্যবহার করতে চাইছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১২৫৯ঘ.
bdnews24