২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে পার্লামেন্ট ভেঙে দেবেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা রাজনৈতিক সঙ্কট নিরসনে নির্বাচনের পথ প্রশস্ত করতে সেপ্টেম্বরে পার্লামেন্ট ভেঙে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

ব্যাংকক, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা রাজনৈতিক সঙ্কট নিরসনে নির্বাচনের পথ প্রশস্ত করতে সেপ্টেম্বরে পার্লামেন্ট ভেঙে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সরকারি দলের কৌঁসুলিদের সঙ্গে এক বৈঠকে অভিজিত একথা বলেন। থাইল্যান্ডের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা অভিজিতের 'রোডম্যাপ' অনুসারে ১৪ নভেম্বর নির্বাচন মেনে নিয়েছে। তবে গতমাসের বিক্ষোভ সহিংসতায় ২৭ জন নিহত ও কয়েকশ' আহত হওয়ায় শঙ্কিত লাল শার্টরা ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে তাদের অবস্থান প্রত্যাহারের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিতে আরো নিশ্চিত হতে চাইছে। 'রোডম্যাপে' সমর্থন জানানো সরকারি দলের কৌসুলিদের সঙ্গে এক বৈঠকে অভিজিত জানান, সেপ্টম্বরের দ্বিতীয়ার্ধে পার্লামেন্টের নিু কক্ষ ভেঙে দেওয়া হবে। তবে এর নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করতে অস্বীকৃতি জানান তিনি। ব্যাংককে প্রধান বাণিজ্যিক এলাকার আন্দোলন থেকে সরে আসার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কিত বিক্ষোভকারীদের দাবির বিষয়ে জানতে চাওয়া হলে অভিজিৎ বলেন, "আজ থেকে সবাই দিন গুনতে পারে।" থাইল্যান্ডের নির্বাচনী আইন অনুযায়ী, ৪৫ থেকে ৬০ দিন নির্বাচনী প্রচারাভিযানের সময় দেওয়া হয়। বিক্ষোভ শেষ করতে চান লাল শার্ট নেতারা। তবে বিক্ষোভকারীদের নেতা ওয়েন তোজিরাকার্ন সমর্থকদের উদ্দেশে বলেন, "অভিজিৎ ও ডেমোক্র্যাটদের আমরা বিশ্বাস করি না।" সরকারি দলের এক মুখপাত্র ওয়ারং দেকিতভিগ্রোম হুঁশিয়ারি দিয়ে জানান, বিক্ষোভকারীরা ব্যাংকক না ছাড়লে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ঘোষণা আবার ভেবে দেখবে। তিনি বলেন, "রোডম্যাপ শুধুমাত্র লাল শার্ট ও সরকারের বিষয় নয়। বরং তা থাইল্যান্ডের সব নাগরিকের বিষয়। এখন থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের দ্বিতীয় কোনো কথা নেই।" প্রায় এক লাখের মতো মানুষ বিক্ষোভ শুরু করলেও ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৫ ঘ.