২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩

গ্রিস সরকারের কঠোর ব্যয়হ্রাস পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ- সহিংসতায় বুধবার রাজধানী এথেন্সে তিন জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

এথেন্স, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিস সরকারের কঠোর ব্যয়হ্রাস পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ- সহিংসতায় বুধবার রাজধানী এথেন্সে তিন জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে। তারা জানান, একটি ব্যাংক ভবনে বিক্ষোভকারীদের ধরানো আগুনে ওই তিন জন নিহত হয়। ফায়ার ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, "আগুনে জ্বলতে থাকা একটি ভবন থেকে আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি।" বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে গেলে বিক্ষুব্ধ জনতা ব্যাংক ভবন জ্বালিয়ে দেয়। গ্রিসে অক্টোবরে সোশ্যালিস্ট সরকার ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ-সহিংসতা। হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর, মার্বেলের টুকরা ও বোতল ছুড়ে মারে, আবর্জনার স্তুপ জ্বালিয়ে দেয় এবং বারবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও ফ্ল্যাশ বোমা ছুড়ে মারে। অন্যদিকে, মুখোশধারী কিছু যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে, দোকাট-পাটের জানালা ভাংচুর করে এবং 'হত্যাকারী' ও 'পার্লামেন্ট জ্বালিয়ে দাও' বলে চিৎকার করতে থাকে। সরকারের বেতন কমানো এবং পেশন বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে এ আন্দোলন। সেন্ট্রাল স্টেডিও এভিনিউয়ে একটি ভবন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ ভবনে রয়েছে মারফিন ব্যাংকের একটি শাখা। কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভ চলাকালে রাজধানীর কেন্দ্রে আরো দুটি ভবনে আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলছে, প্রায় ২৭ হাজার বিক্ষোভকারী ছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে, বিক্ষোভকারী ছিল কমপক্ষে ৪০ হাজার। গত বছর শেষের দিকে গ্রিস প্রথম ঋণগ্রস্ত হওয়ার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। গ্রিসের জনতা ও প্রাইভেট সেক্টরের কর্মীরা এ বছর তৃতীয়বারের মতো একযোগে ধর্মঘট পালন করছে। ধর্মঘটে অচল হয়ে পড়েছে গ্রিস। ইইউ-আইএমএফ এর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ পাওয়ার শর্ত হিসাবে গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ মঙ্গলবার নতুন করে ৩০ বিলিয়ন ইউরো সঞ্চয়ের জন্য কঠোর ব্যয়হ্রাস বিল পার্লামেন্টে জমা দেওয়ার পর আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। গ্রিসের বিরোধী কনজারভেটিভ দল বিলের বিপক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে। এতে বিলটি নিয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐকমত্যের সম্ভাবনা নস্যাৎ হয়েছে। তবে পার্লামেন্টে এ বিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে সরকার। ফলে বিলটি এ সপ্তাহেই পাশ করার ব্যাপারে সরকার আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/বিসিএস/এলকিউ/১৯৩০ ঘ.