২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজের কাছে যান, মানসিক স্বাস্থ্য বাড়ান

দিনে পাঁচ মিনিটের জন্য হলেও সবুজ ঘাসে ছাওয়া পার্ক কিংবা ময়দানে যান এবং হাল্কা শরীর চর্চার মাধ্যমে বাড়িয়ে নিন আপনার মানসিক স্বাস্থ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

লন্ডন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনে পাঁচ মিনিটের জন্য হলেও সবুজ ঘাসে ছাওয়া পার্ক কিংবা ময়দানে যান এবং হাল্কা শরীর চর্চার মাধ্যমে বাড়িয়ে নিন আপনার মানসিক স্বাস্থ্য। শনিবার প্রকাশিত এক সমীক্ষা থেকে জানা গেছে, সবুজ ঘাসে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের শরীর চর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। সেই সঙ্গে বাড়িয়ে তোলে ব্যক্তির আত্মমর্যাদা বোধও। সমীক্ষায় বলা হয়েছে, নীতি নির্ধারকদের উচিত হবে, পার্ক কিংবা বাগানে বেশি বেশি সময় কাটানোর জন্য মানুষকে অনুপ্রাণিত করা। অ্যাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেন যে, প্রতিদিন একটু হাঁটা, বাগান করা, সাইকেল চালানো কিংবা কৃষিকাজের মতো প্রকৃতির কাছাকাছি থেকে পাঁচ মিনিট কাজ করা, মানুষের মনকে প্রফুল্ল করে তোলার পাশাপাশি আত্মমর্যাদাবোধ গড়ে তুলতেও সাহায্য করে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে প্রকাশিত ওই সমীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে গবেষক বার্টন জানান, "আমরা বিশ্বাস করি এর মাধ্যমে ব্যক্তি ও সমাজের ভীষণভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সব ধরনের লোকই যদি এ ধরনের শরীর চর্চা করে তবে স্বাস্থ্যসেবার ব্যয়ও কমে যাবে।" অবশ্য এ ধরনের অনেক সমীক্ষাতেই বলা হয়েছে যে, এ ধরনের শরীর চর্চা মানসিক অসুস্থতার ঝুঁকি কমায় এবং ব্যক্তির সদগুণাবলীর বিকাশ ঘটায়। জুলস প্রিটি ও জো বার্টনের নেতৃত্বে সম্পাদিত এ সমীক্ষায় তারা বলেন, উপকার পেতে হলে শরীর চর্চায় কতটা সময় ব্যয় করতে হবে, এ সমীক্ষার আগে তা কেউই জানতো না। বার্টন ও প্রিটি ব্রিটেন এ রকম দশটি সমীক্ষায় বিভিন্ন বয়সী, লিঙ্গ ও মানসিক স্বাস্থ্যের অধিকারী ১ হাজার ২ শ' ৫২ জন ব্যক্তির তথ্য যাচাই বাছাই করেন। হাঁটা, বাগান করা, সাইকেল চালনা, মাছ ধরা, নৌকা চালনা, ঘোড়ায় চড়া এবং কৃষি কাজের মতো শরীর চর্চার বিষয়গুলো তারা খতিয়ে দেখেন। তারা দেখেন যে, সব বয়সী ও পেশার মানুষ উপকৃত হলেও তরুণ ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাই এ থেকে বেশি উপকার পান। তারা জানান, শহরের পার্ক, ময়দানসহ যে কোনও ধরনের প্রাকৃতিক পরিবেশ এক্ষেত্রে উপকারী হলেও যেখানে সবুজ ছাড়াও জলের উপস্থিতি আছে, সেখানে উপকার একটু বেশিই পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৪৭ ঘ.