অ্যাথেন্স, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণ জর্জরিত গ্রিসের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে বলে শুক্রবার সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ।
আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের জন্য গ্রিসকে কতটা মূল্য দিতে হবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকায় পাপান্দ্রেউ এ সতর্কবার্তা দিলেন।
একদিকে, রাজধানী এথেন্সের রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। অন্যদিকে, গ্রিক সরকারের আলোচকরা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে তিনবছরের জন্য একশ' ২০ বিলিয়ন ইউরোর উদ্ধার প্যাকেজ চুক্তি নিয়ে দেনদরবার করছে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কঠোর ব্যয় হ্রাস কর্মসূচি চায়। কিন্তু পাপেন্দ্রেউ গ্রিক পার্লামেন্টে বলেন, "আজ আমাদের জাতির টিকে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
"আমাদের দেশকে রক্ষা করতে, আমাদের টিকে থাকতে এবং আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে যে পদক্ষেপ নিতে হবে তা হচ্ছে অর্থনৈতিক পদক্ষেপ। যাতে আমরা শক্তভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারি।"
তিনি বলেন, "এটা আমাদের দেশাত্মবোধের দায়িত্ব। এর জন্য যে রাজনৈতিক মূল্যই দিতে হোক না কেন সেটি কোনো ব্যাপার নয়।"
ঋণ পরিশোধ কিংবা ঋণ পরিশোধে অপারগতা প্রকাশের জন্য ১৯ মে পর্যন্ত সময় পাচ্ছে গ্রিস। এর মধ্যেই তাদের নতুন তহবিল সংগ্রহ করতে হবে।
গ্রিক সরকারের এক সূত্র জানিয়েছে, রোববারের মধ্যে নতুন তহবিল পাওয়ার ঘোষণা আসতে পারে।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যরোসো বলেন, "আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আলোচনা শেষ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24