২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে ইরান-মিশর

পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি (এনপিটি) নিয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে ইসরায়েল প্রসঙ্গসহ উন্নয়নশীল দেশগুলোর পরমাণু প্রযুক্তির অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরান ও মিশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

জাতিসংঘ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি (এনপিটি) নিয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে ইসরায়েল প্রসঙ্গসহ উন্নয়নশীল দেশগুলোর পরমাণু প্রযুক্তির অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরান ও মিশর। জাতিসংঘ সদর দপ্তরে ৩ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মুখোমুখি হবেন। কূটনীতিক মহল ধারণা করছে, সম্মেলনে আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের কড়া সমালোচনা করবেন। তারা উন্নয়নশীল দেশগুলোকে পরমাণু প্রযুক্তি উন্নয়ন করার চেষ্টা থেকে বঞ্চিত করছে। অথচ ইসরায়েলের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে অন্ধ নীতি অনুসরণ করছে বলে অভিযোগ তুলবেন তিনি। ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকলেও সে তা স্বীকার করে না আবার অস্বীকারও করে না। ১৯৭০ সালে একশ' ৮৯ টি দেশের স্বাক্ষরিত এ পরমাণু অস্ত্রবিস্তার নিয়ন্ত্রণ চুক্তির উদ্দেশ্য পরমাণু অস্ত্র বন্ধ ও পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোকে তা পরিত্যাগ করানো। এ চুক্তির সাফল্য মূল্যায়নের জন্য প্রতি পাঁচ বছর পরপর সদস্য রাষ্ট্রগুলো সম্মেলনে মিলিত হয়। ২০০৫ সালে শেষ এনপিটি সম্মেলনে ইরান ও মিশরের বিষয়ে তৎকালীন যুক্তরাষ্ট্র প্রশাসনের অহেতুক বিতর্কের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলনটি শেষ হয়। বিশেষজ্ঞরা ও জাতিসংঘের কূটনীতিকরা মনে করছেন এবারের সম্মেলন ভিন্নরকম হবে এবং তা এনপিটি চুক্তির বাস্তবায়নে নতুনভাবে কাজ করার সুয়োগ সৃষ্টি করবে। উত্তর কোরিয়ার পরমাণু বোমা তৈরিতে ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে বাধা দিতে এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্ককে ধরতে ব্যর্থতাকে এ চুক্তির সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৮ ঘ.