ব্যাংকক, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাংককে সরকার বিরোধী লাল শার্ট বিক্ষোভকারীদের ঠেকাতে আরো জোর চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে থাইল্যন্ডের সেনাবাহিনী।
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বুধবার এক সেনা নিহত হওয়ার পর বৃহস্পতিবার সেনাবাহিনী এ ঘোষণা দেয়।
আগাম নির্বাচনের দাবিতে অনড় লাল শার্টরা ব্যাংককে প্রায় দু'মাস ধরে আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছে।
চলমান সহিংসতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাণিজ্য ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটিতে প্রবৃদ্ধিও কমে যেতে পারে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।
দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হচ্ছে পর্যটন শিল্প। মোট অর্থের ৬ ভাগ আসে পর্যটন খাত থেকে। পাশাপাশি মোট জনশক্তির ১৫ শতাংশ পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে এই খাতে ধস নেমেছে। পুঁজি বাজারেও দরপতন ঘটছে।
বুধবার প্রায় ২ হাজার বিক্ষোভকারী ব্যাংককের কেন্দ্রীয় বিপণীবিতান থেকে মিছিল শুরু করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এই এলাকাটি তারা ৩ এপ্রিল থেকে দখল করে রেখেছে।
এ সময় সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে এবং প্রায় ১৯ জন আহত হয়েছেন বলে রয়টার্সের আলোকচিত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষে একজন সেনা নিহত হয়েছেন।
হঠাৎ বৃষ্টি নামায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়। রাতভর আর কোনো সংঘর্ষের খবর জানা যায়নি।
এর আগে বুধবার জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে লাল শার্টরা সরকারের উদ্দেশে ব্যাংকক জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
১০ এপ্রিল ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের সরাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সেদিনের সংঘর্ষে ২৬ জন নিহত ও আটশ'র বেশি মানুষ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/ ১৩০২ঘ.
bdnews24