২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ

ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের তুমুল সংঘর্ষে বুধবার কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। এ সময় একজন সেনাও মাথায় গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 11:35 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ব্যাংকক, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের তুমুল সংঘর্ষে বুধবার কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। এ সময় একজন সেনাও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। বিক্ষোভকারীরা ব্যাংককের বাইরে সমাবেশ করার জন্য রওনা দেওয়ার সময় সেনাবাহিনীর বাধার মুখে পড়লে সংঘর্ষ শুরু হয়। সেনারা প্রথমে ফাঁকা গুলি ছুড়লেও পরে গুলিতে ১৬ জন আহত হয়। বিক্ষোভকারীরা বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সকাল থেকেই সেনাদের বাধা অতিক্রম করার অটল অবস্থান নেয়। সেনারা গুলি ছুড়লে তারাও পাল্টা হামলা চালায়। উত্তেজনাকর এ সংঘাতের সময় এক সেনা মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ডিথাপ্রন সাসাসামিত। তবে তার অবস্থা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। আহতদেরকে ব্যাংককের উত্তরে ডং মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে বুধবার বিক্ষোভকারীরা বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরফলে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.