২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক পদ ছাড়ছেন মিয়ানমারের ২০ মন্ত্রী

মিয়ানমারের সামরিক জান্তার কমপক্ষে ২০ জন মন্ত্রী এ সপ্তাহে সেনাবাহিনী থেকে পদত্যাগ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 10:15 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ইয়াঙ্গুন, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক জান্তার কমপক্ষে ২০ জন মন্ত্রী এ সপ্তাহে সেনাবাহিনী থেকে পদত্যাগ করবেন। বেসামরিক রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে এ বছর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে তারা পদত্যাগ করতে চলেছেন। একজন সরকারি কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান। রাজধানী নিপিদো থেকে ওই কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে বলেন, "যতদূর শুনেছি, প্রায় ২০ জন মন্ত্রী এবং কয়েকজন উপমন্ত্রী এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাদের সামরিক পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তারা মন্ত্রিসভায় তাদের বর্তমান পদে বহাল থাকবেন।" কর্মকর্তাটি জানান, সামরিক পদ থেকে যারা সরে দাড়াবেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী থেইন সেইনও রয়েছেন। মিয়ানমারের পার্লামেন্টে সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য ২৫ শতাংশ আসন এমনিতেই সংরক্ষিত আছে। সেনাবাহিনী থেকে পদত্যাগের পর মন্ত্রীরা সংরক্ষিত আসনের বাইরে পার্লামেন্টে আসন পেতে পরেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না করা হলেও এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়ে গেছে। কারণ, গত পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকা সামরিক জান্তা প্রহসনের নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই বিশ্লেষকদের মত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১১ ঘ.