লন্ডন, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- স্টিফেন হকিং বলেছেন, ভিনগ্রহবাসীর ধারনা অমূলক নয়। তবে এদের থেকে দূরে থাকাটাই মানবজাতির জন্য মঙ্গলজনক।
ব্রিটিশ এই জ্যোতির্পদার্থবিদ বলেন, "গাণিতিক হিসাব অনুযায়ী ভিনগ্রহবাসীর অস্তিত্ব থাকাটাই যৌক্তিক। কিন্তু মূল চ্যালেঞ্জ হচ্ছে তারা মূলত কেমন তা জানতে পারা।"
ব্রিটিশ গণমাধ্যম জানায়, ডিসকভারি চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠানে রোববার হকিং এ কথা বলেন।
তিনি বলেন, মানুষের উচিত ভিনগ্রহবাসীদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা। কারণ এর ফলাফল হতে পারে ভয়াবহ।
তার মতে, "ভিনগ্রহবাসী আমাদের সঙ্গে যোগাযোগ করলে তা হবে অনেকটা কলম্বাসের আমেরিকা আবিস্কারের মত। তার আবিস্কার স্থানীয় আমেরিকাবাসীর জন্য ভাল কিছু হয়নি।"
তিনি সতর্ক করে দিয়ে আরো বলেন, "এ ধরনের অগ্রসর ভিনগ্রহবাসী হতে পারে যাযাবর যারা কোন গ্রহ দখল করে উপনিবেশ গড়তে চাইতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/জিএনএ/২১৪৬ঘ.
bdnews24