ব্যাংকক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের কেন্দ্রস্থলে শক্তি বৃদ্ধি করছে। রোববার রাতে সেনাবাহিনীর অভিযান চলতে পারে-এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় বিক্ষোভকারীরা দল ভারী করতে থাকে।
জোর আন্দোলনের প্রস্তুতি হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে।
ব্যাংককের কেন্দ্রীয় বিপণিবিতান এলাকায় প্রায় ৮ হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছে। তারা গান গাইছে এবং বক্তব্য শুনছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
কর্মকর্তারা জানান, ক্ষমতাসীন জোটের একজন জেষ্ঠ্য সদস্যের বাড়ির সামনে বোমা বিস্ফোরণে ৮ জন আহত হয়েছে।
সরকারের পদত্যাগ ও অবিলম্বে নির্বাচনের দাবিতে লাল শার্টরা ব্যাংককে বিক্ষোভ করছে। অচলাবস্থা নিরসনে শুক্রবার রাতে তারা এই দাবি থেকে সরে এসে সরকারকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করার জন্য প্রস্তাব দেয়।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা লাল শার্টদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তারা রোববার জোড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়। সেই হুশিয়ারির অংশ হিসেবে তারা সোমবার শক্তি বৃদ্ধির পদক্ষেপ নেয়।
সারা দেশে সেনা ও পুলিশ বাহিনীকে বাধা দিতে এবং প্রয়োজনে লড়াই করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে লাল শার্ট নেতারা। এ আহ্বানে সাড়া দিয়ে লাল শার্টরা অন্তত দুই জায়গায় পুলিশ সদস্যদের বাধা দিয়েছে।
লাল শার্ট বিক্ষোভকারীদের নেতা জাতুপোর্ন প্রোম্পান বলেন, "আমরা আরো বেশি সংখ্যক সহযোগী নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি। সারা রাত টহল দেওয়ার ব্যবস্থা করেছি। সেনাবাহিনী কোনো দমন অভিযানে যাচ্ছে না-এ বিষয়টি নিশ্চিত করার জন্য অনেকেই আমাদের সঙ্গে জেগে ছিল। আমরা গোয়েন্দাসূত্রে জেনেছিলাম, তা ঘটতে পারে। কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি।"
তিনি আরো বলেন, "বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়, আলোচনার কিছু নেই। অভিজিতের সামনে এখন পার্লামেন্ট ভেঙ্গে দেওয়াই একমাত্র পথ।
ব্যাংককের প্রায় পাঁচশ' কিলোমিটার উত্তরে উদোন থানি প্রদেশে স্থানীয় এক কর্মকর্তা রোববার রয়টার্সকে জানান, রাজধানীর নিরাপত্তা জোরদার করতে আসা পুলিশবাহী কয়েকটি গাড়িকে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে কয়েকশ লাল শার্ট বিক্ষোভকারী ।
এছাড়া ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে পাথুন থানি প্রদেশে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় দুইশ পুলিশকে শহরে ঢুকতে দেয়নি বিক্ষোভকারীরা।
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডে এ সঙ্কট আরো সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
১০ এপ্রিল ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের সরাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সেদিনের সংঘর্ষে ২৫ জন নিহত ও আটশ'র বেশি মানুষ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২৪৫ঘ.
bdnews24