২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাভার নিতে ৪-৫ বছর লাগবে: আফগানিস্তান

দেশের পরিপূর্ণ নিরাপত্তার ভার নেওয়ায় সক্ষম হয়ে উঠতে আফগান নিরাপত্তা বাহিনীর চার থেকে পাঁচ বছর লাগবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

কাবুল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের পরিপূর্ণ নিরাপত্তার ভার নেওয়ায় সক্ষম হয়ে উঠতে আফগান নিরাপত্তা বাহিনীর চার থেকে পাঁচ বছর লাগবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত সপ্তাহে এস্তোনিয়ার তাল্লিনে এক বৈঠকে আগামী বছর থেকে আফগানিস্তানের কোনো কোনো প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় রাজি হয়েছেন। যাতে করে পশ্চিমা সেনাদের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে শুরু করা যায়। ২০০৩ সালে অফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে সেখানকার সার্বিক নিরাপত্তা ও পুনর্গঠনের কাজে নিয়োজিত রয়েছে ন্যাটো বাহিনী। প্রাথমিকভাবে পাঁচশ সেনা নিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনী কার্যক্রম শুরু করলেও বর্তমানে সেখানে ন্যাটো বাহিনীর ৮০ হাজার সেনা আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ওয়াশিংটন ২০১১ সালের মাঝামাঝি সময় নাগাদ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র আচমকা আফগানিস্তান থেকে সেনা না সরিয়ে বরং আফগান বাহিনীর নিরাপত্তাভার নিতে সক্ষম হয়ে ওঠার ওপর ভিত্তি করেই সেনা সরাবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাহের আজিমি তাল্লিন বৈঠকের পর রোববার এক বিবৃতিতে বলেন, "এ প্রক্রিয়া শেষ করতে বা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হাতে নিতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।" আফগান বাহিনী এখন কেবলমাত্র রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। কাবুলে ন্যাটো বাহিনীর বেসামরিক প্রতিনিধিদের প্রধান মার্ক সেডউইল গত সপ্তাহে জানান, নভেম্বরে লিসবনে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কয়েকটি প্রদেশের নাম বলার প্রত্যাশা করছে ন্যাটো সদস্য দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৬ ঘ.