ওয়াশিংটন, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার সতর্ক করে বলেছেন, ফেডারেল অভিবাসন আইন সংস্কার করা না হলে 'বিক্ষিপ্ত অভিবাসন' উদ্যোগের পথ তৈরি হয়ে যাবে।
তিনি এক্ষেত্রে উদাহরণ হিসাবে নিউ অ্যারিজোনা আইনের কথা উল্লেখ করেন। যে আইনটি এরই মধ্যে বেসামরিক নাগরিক অধিকারের বিষয়ে প্রশ্ন জাগিয়েছে।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ওবামা মার্কিন সামরিক বাহিনীর ২৪ জন সদস্যকে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে ফেডারেল অভিবাসন আইন সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত চীন, মেক্সিকো, ইথিওপিয়া ও অন্যান্য দেশের এই ২৪ জনকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হয়।
ওবামা বলেন, "যে দেশটিকে আমরা সবাই ভালোবাসি আজ আমরা তার সেরা কিছুই উদযাপন করছি। পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের পূর্ব পুরুষরা আমেরিকায় এসেছিল একদিন।" উল্লেখ্য, ওবামার বাবাও কেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
এর ঘণ্টাখানেক পর ওবামা অ্যারিজোনার আইনকে অভিবাসন আইন সংস্কারের পথে হুমকি হিসাবে চিহ্নিত করেন। তিনি বলেন, "আমেরিকান জনগণ হিসাবে আমরা যে গর্ব করি, এর মাধ্যমে তার ভিত্তি দুর্বল করা হয়েছে।"
অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান গর্ভনর জন ব্রিউয়ার যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত সবচেয়ে কঠোর আইনটিতে সই করেন।
বৈধভাবে বাস করার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে পুলিশ এ আইনের আওতায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। ধারণা করা হচ্ছে, এ আইনটি আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
এ বছরই ডেমোক্র্যাট নেতারা কেন্দ্রীয় অভিবাসন আইন সংস্কারের বিষয়টি কংগ্রেসে উত্থাপনের চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৮০ হাজার অবৈধ অভিবাসী বাস করছে।
ওবামা প্রশাসনে এসব অভিবাসীদের বৈধ করার একটা প্রচেষ্টা আছে। কিন্তু অনেক রিপাবলিকান এসব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ করার বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এরা সম্পদ ধ্বংস করবে ও মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১৯.
bdnews24