বাগদাদ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে শুক্রবার কয়েকটি বোমা হামলার ঘটনায় ৫৬ জন নিহত ও অন্তত ১১২ জন হয়েছে। এর মধ্যে বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় সাতটি বোমা হামলা হয়।
দেশের পশ্চিমাঞ্চলে সুন্নি অধ্যুষিত এলাকায় বোমা হামলায় আট জন নিহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের সময় বাগদাদের বিভিন্ন এলাকায় এসব বোমা হামলা হয়। বেশিরভাগ হামলা হয়েছে শিয়া মসজিদের কাছে এবং একটি বাজারে।
বাগদাদের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মুসাভি সংখ্যগরিষ্ঠ শিয়াদের কথা উল্লেখ করে বলেন, "মুলত মসজিদ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আল কায়েদা জঙ্গিরা তাদের ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী হামলা চলতে থাকবে বলে আমরা আশঙ্কা করছি।"
পুলিশ জানায়, বাগদাদের ঘনবসতিপূর্ণ সদর সিটিতে তিনটি বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছে। বাগদাদের দক্ষিণ পশ্চিমের আল-আমিন এলাকায় একটি শিয়া মসজিদের কাছে বোমা হামলায় ১১ জন নিহত ও ১৭ জন আহত হয়।
এ ছাড়া বাগদাদের ৮৩ কিলোমিটার পশ্চিমে আনবার প্রদেশের খালিদিয়া শহরে একের পর এক বোমা বিষ্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় একজন পুলিশ কর্মকর্তা মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/কেএমএস/১৯১৮ ঘ.
bdnews24