২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে সরকারের পদত্যাগ

প্রধানমন্ত্রী ইয়েভস লেতের্মের নেতৃত্বাধীন বেলজিয়ামের সরকার বৃহস্পতিবার পদত্যাগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 05:36 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ব্রাসেলস, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রধানমন্ত্রী ইয়েভস লেতের্মের নেতৃত্বাধীন বেলজিয়ামের সরকার বৃহস্পতিবার পদত্যাগ করেছে। জোট থেকে ফ্লেমিশ লিবারেল পার্টি বেরিয়ে যাওয়ায় দেশটির রাজাকে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক অ্যান্ড ফ্লেমিশ পার্টি নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র দিয়েছেন লেতের্মে। তবে পদত্যাগপত্র বিষয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত দেননি রাজা অ্যালবার্ট। পাঁচ দলীয় ক্ষমতাসীন জোট থেকে 'ফ্লেমিস লিবারেল পার্টি ' সমর্থন প্রত্যাহার করায় বৃহস্পতিবার মুখ থুবড়ে পড়ে লেতের্মের সরকার। এ সঙ্কটে সেদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছেন রাজা ও প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে ৪৯ বছর বয়সী লেতের্মে পদত্যাগপত্র জমা দেন। রাজার পক্ষ থেকে লিখিত এক বার্তায় বলা হয়, রাজা ও প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বর্তমানের এ রাজনৈতিক সঙ্কট দেশের অর্থনীতি, নাগরিকদের সামাজিক কল্যাণ এবং ইউরোপে বেলজিয়ামের ভূমিকাকে বেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্য ডানপন্থী দল ওপেন ভিএলডি'র সমর্থন ছাড়া ক্ষমতাসীন জোটের পার্লামেন্টের নিম্ন কক্ষে একশ' ৫০ আসনের মধ্যে ৭৬টি থাকে। কিন্তু জোট দেখেছে এত কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের পক্ষে সরকার চালানো খুব কঠিন। ওপেন ডিএলডি জানিয়েছে, তারা সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সরকারের জোটে মধ্য বামপন্থী থেকে মধ্য ডানপন্থী দল রয়েছে। রাজধানী ব্রাসেলস'র চারপাশে ফরাসি ও ডাচ ভাষাভাষী দলগুলোর মধ্যে নির্বাচনী সীমানা নিয়ে বিতর্ক নিরসনে ব্যর্থতাকে তারা সরকারের ওপর আস্থা হারানোর কারণ হিসেবে উল্লেখ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২১ ঘ.