নয়া দিল্লি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পূর্বাঞ্চলে টর্নেডোয় ঘরহারা ১০ লাখেরও বেশি মানুষ নয় দিন ধরে খোলা আকাশের নিচে বাস করছে।
পশ্চিমবঙ্গ ও বিহারে গত ১৩ এপ্রিল কালবৈশাখী ঝড় আঘাত হানার পর থেকে তারা ঘরহারা বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার ত্রাণকর্মীরা।
ওই ঝড়ে নিহত হয় একশ' ৩৭ জন।
জাতিসংঘ, ত্রাণ সংস্থাগুলো ও ভারতের সরকারি কর্মকর্তারা জানায়, প্রতি ঘণ্টায় একশ' ২০ কিলোমিটার গতিবেগের এ ঝড়ে দুই লাখেরও বেশি ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ক্যাথলিক রিলিফ সার্ভিসের কর্মকর্তা অমরেন্দ্র ঘানা বলেন, "ঘরবাড়ি হারিয়ে অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে বাস করছে।"
দুই জেলাতেই ত্রিপল, প্লাস্টিকের মাদুর, দড়ি, ম্যাচ ও মোমবাতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
ত্রাণকর্মীরা জানান, এ ক্ষতিগ্রস্তরা ক্ষুদ্র ও ভূমিহীন কৃষক। তাদের মাটি ও খড়ের ঘর বাতাস ও পানির ধাক্কা সামলে টিকে থাকার মতো ছিলো না।
রাষ্টীয় কর্তৃপক্ষ ত্রাণ কার্যক্রম ঘোষণা করলেও ত্রাণকর্মীরা খুব বেশি জায়গায় সরকারি ত্রাণ বিতরণ হতে দেখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৯ ঘ.
bdnews24