২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাইমেঘে বিমান সংস্থাগুলোর ক্ষতি শতাধিক কোটি ডলার

আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাইমেঘ ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচল সঙ্কটে মঙ্গলবার পর্যন্ত বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে একশ'৭০ কোটি ডলারেরও বেশি। 'ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন' (আইএটিএ) এ হিসাব দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 12:45 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ফ্রাঙ্কফুর্ট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাইমেঘ ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচল সঙ্কটে মঙ্গলবার পর্যন্ত বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে একশ'৭০ কোটি ডলারেরও বেশি। 'ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন' (আইএটিএ) এ হিসাব দিয়েছে। এ ক্ষতি পূরণে তিন বছর লাগবে বলে জানিয়েছেন আইএটিএ'র মহাপরিচালক ও প্রধান নির্বাহী জিওভান্নি বিসিগনানি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, "এ সঙ্কটে বিশ্বের বিমান পরিবহন ব্যবস্থার ২৯ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিদিন ১২ লাখ বিমান যাত্রী দুর্ভোগের শিকার হয়েছে।" ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশপথ তিন দিনের জন্য বন্ধ ছিল। সে সময় যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল বর্তমান দুর্যোগে ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি বলে তিনি দাবি করেছেন। আইএটিএ জানায়, সবচেয়ে বেশি ছাইমেঘ উদগিরণের সময় ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ক্ষতি হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার। ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন দেশের সরকারকে বিমান সংস্থাগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করার আহ্বান জানান বিসিগনানি। যুক্তরাষ্ট্র সরকার ১১ সেপ্টেম্বরের হামলার পর বিমান কর্তৃপক্ষকে পাঁচশ' কোটি ডলার ক্ষতিপূরণ দেয়। সেসময় ইউরোপীয় ইউনিয়নও বিমান সংস্থাগুলোর সহায়তায় এগিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩৬ ঘ.