জেনেভা,এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আইসল্যান্ড অভিমুখে আবহাওয়ার লঘু চাপের কারণে আগ্নেয়গিরি থেকে উদগিরীত ধোঁয়া ও ছাইয়ের মেঘ এ সপ্তাহ শেষে কেটে যেতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক বিশেষজ্ঞ মঙ্গলবার একথা জানিয়েছেন।
আইসল্যান্ডের ইজাফজাল্লাকুল আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদগীরণে সৃষ্ট মেঘ ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ায় গত ৬ দিন ধরে অচল হয়ে আছে বিমান চলাচল ব্যবস্থা।
মঙ্গলবার থেকে ইউরোপের কিছু ফ্লাইট চালু হলেও এখনও বন্ধ রয়েছে বেশির ভাগ ফ্লাইট।
ডব্লিউএমও'র বিশেষজ্ঞ হার্বার্ট পুয়েম্পেল বলেন, "আবহাওয়াবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা যায়, এ সপ্তাহের ২য় ভাগ থেকে শেষভাগের প্রতিটি লক্ষণ খুব, খুব ইতিবাচক।"
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, বিমান চলাচলের জন্য বিপজ্জনক ছাইয়ের উপাদান বৃষ্ট্রিতে ধুয়ে যেতে পারে এবং বাকি ছাইমেঘ আর্কটিকের দিকে সরে যেতে পারে।
জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সপ্তাহের শেষ ভাগে চলমান অচলাবস্থা অবসানের খুবই আশাপ্রদ লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি আরো জানান, আগামীকাল থেকে ছাইমেঘ কানাডা ও যুক্তরাষ্ট্রের দিকে সরে যেতে পারে এবং তা সমৃদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আটলান্টিকের দুপাড়ের ফ্লাইটগুলোর ক্ষতিগ্রস্ত হবে না বলেই মনে করা হচ্ছে ।
তিনি বলেন, "এত নিচু ছাইমেঘ উচু দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটগুলোকে ব্যাহত করতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০২ ঘ.
bdnews24