২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় স্থগিত কেন্দ্রগুলোতে ভোট

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে দুটি জেলায় স্থগিত কেন্দ্রগুলোতে মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 08:34 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

নাওয়ালাপিতিয়া, শ্রীলঙ্কা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে দুটি জেলায় স্থগিত কেন্দ্রগুলোতে মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয়। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সহিংসতার কারণে নাওয়ালাপিতিয়া ও পূর্ব ত্রিঙ্কোমালি জেলার এই কেন্দ্রগুলোর ভোট বাতিল করা হয়। নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জোট সিংহভাগ আসন পেয়ে ক্ষমতায় থাকার বিষয়টি নিষ্কণ্টক করেছে। আবারও যাতে সহিংসতা না ঘটে, সেজন্য রাজধানী কলম্বো থেকে ৬০ কিলোমিটার দূরের কেন্দ্রীয় প্রদেশের জেলা নাওয়ালাপিতিয়ায় এক হাজারেরও বেশি কর্মকর্তা ও সেনা নিয়োগ করা হয়। মঙ্গলবারের ভোটে কোনও ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানায় নির্বাচন পর্যবেক্ষক দল। তবে একটি কেন্দ্রে বিরোধী দলের এক এজেন্টকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। নাওয়ালাপিতিয়া জেলায় মঙ্গলবারের ভোটে ভোটার প্রায় ৫০ হাজার। এছাড়া পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি জেলায় ভোটার এক হাজার। মঙ্গলবার ভোটের ফলাফল যাই হোক তাতে রাজাপাকসের ক্ষমতাসীন দলের ওপর কোন প্রভাব পড়বে না। কারণ, ২২৫ আসন বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনে তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই অর্জন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩২০ঘ.