বাগদাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকে আল কায়েদার দুই শীর্ষ নেতা আবু আইয়ুব আল-মাসরি ও আবু ওমর আল-বাগদাদি নিহত হয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সোমবার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্র একে 'পটেনশিয়াল ডিভাসটেটিং ব্লো' বলে অভিহিত করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে তেমন একটা প্রভাব পড়বে না।
মালিকি জানান, আল কায়েদার দুই নেতা যে ঘরে ছিলো সৈন্যরা সেটি ঘিরে ফেলে এবং গোলা বর্ষণ করে। এতে ঘরটি ধ্বংস হয়ে যায়। তাদের দুজনকেই ঘরের ভেতর একটি গর্তে মৃত অবস্থায় পাওয়া যায়।
মাসরির এক সহকারী এবং বাগদাদির এক ছেলেও এতে নিহত হয়। এ ছাড়াও সন্দেহভাজন ১৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক মার্কিন সেনাও নিহত হয়।
এ অভিযান সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "দুই শীর্ষ নেতার মৃত্যু ইরাকের আল কায়েদার জন্য ভয়ানক আঘাত।"
তিনি আরো বলেন, "ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও ইরাকি বাহিনীর সামর্থ্য যে বাড়ছে, এ ঘটনা তাই প্রমাণ করে।"
তিনি জানান, এ অভিযান ইরাকি নিরাপত্তা বাহিনীর নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী সেখানে তাদের সহায়ক হিসেবে কাজ করেছে।
ইরাকে নিযুক্ত মার্কিন কমান্ডার জেনারেল রে ওডিয়ারনো বলেন, "এই দুই নেতার মৃত্যু ইরাকের আল কায়েদার জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় আঘাত।"
ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাশ বলেন, অভিযানস্থলে যোগাযোগের অতি উন্নত প্রযুক্তির যন্ত্র পাওয়া গেছে। যার মাধ্যমে ইরাকের আল কায়েদা দেশের বাইরে হাই কমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, "সন্ত্রাসী হামলা বন্ধ হবে না, কারণ আল কায়েদা এখনো ইরাকে সক্রিয়। এ ঘটনায় তাদের কর্মকাণ্ড কিছুটা স্তিমিত হয়ে পড়বে। যারা আটক হয়েছে তাদের মাধ্যমে আমরা অন্য নেতাদের ধরতে পারবো।"
প্রধানমন্ত্রী মালিকি জানান, নিহত আল মাসরি পরিচিত আবু হাজমা আল মুহাজির নামে। ধারণা করা হয় সে একজন মিশরীয়।
মাসরি ও বাগদাদি দুজনেই বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম তাহার-তাহার অঞ্চলে নিহত হন। অঞ্চলটি আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত।
মার্কিন সেনাবাহিনী জানায়, সাদ্দাম হোসেনের শহর তিকরিতের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার এ অভিযান শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১৩৫ঘ.
bdnews24