নয়া দিল্লী, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে গত ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ৪৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চলতি মাসে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
গম-কারখানা এসোসিয়েশন ও রপ্তানিকারকরা জানিয়েছে, কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী আগামী ৪৮ ঘন্টা উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্য ভারতে তাপদাহ বিরাজ করবে। এতে করে গম উৎপাদনেও এর কিছুটা প্রভাব পড়বে।
শনিবার নয়া দিল্লিতে ৪৩.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মানে আগামী দুই মাস রাজধানী এবং উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করবে।
গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজস্থানের গঙ্গানগরে, ৪৭ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া কর্মকর্তারা জানান, মার্চ থেকে উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে সাধারণ তাপমাত্রার চেয়ে ৪-৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বেশি রয়েছে।
উড়িষ্যা কর্তৃপক্ষ বার্ষিক গ্রীষ্মের ছুটি বাড়িয়ে আগামী মঙ্গলবার থেকে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ৫৩ টি মৃত্যুর খবর খতিয়ে দেখছেন তারা।
একজন সরকারি কর্মকর্তা ভিমসেন গোচ্ছ্যাত জানান, জেলা প্রশাসকদেরকে অন্যান্য মৃত্যু সম্পর্কে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অন্যান্য মৃত্যুর খবরগুলো পাওয়া গেছে উত্তর ও মধ্য প্রদেশ থেকে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ ঘ.
bdnews24