ব্যাংকক, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকারবিরোধী 'লাল শার্ট' বিক্ষোভকারীদের শায়েস্তা করার হুমকি দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী রোববার জানিয়েছে, রাজধানী ও তার আশপাশের এলাকার জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভকারীরা ব্যাংককের ব্যাংকপ্রধান অঞ্চলে বিক্ষোভ ও শিবির স্থাপনের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে।
গত ১০ এপ্রিল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ২৪ জনের প্রাণহানির পর থাই সেনাবাহিনী এ হুমকি দেওয়ায় দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্ট সমর্থকরা।
সেনাবাহিনীর মুখপাত্র স্যানসের্ন কেউক্যামনার্ড জানান, যেসব বিক্ষোভকারী গত ষোল দিন গুরুত্বপূর্ণ বিপণি কেন্দ্র ও হোটেল দখল করে রেখেছে তাদেরকেও দেখে নেওয়া হবে। অবশ্য তিনি এ বিষয়ে আর কোনো কিছু বলেননি। এছাড়া 'দমন' শব্দটি ব্যবহার করা থেকেও বিরত থাকেন তিনি।
স্যানসার্ন টিএনএন টেলিভিশনকে বলেন, "আইন প্রয়োগ করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। যারা অন্যায় করবে তারা উপযুক্ত শাস্তি পাবে।"
প্রধানমন্ত্রী অভিজিত শনিবার সেনা প্রধান জেনারেল অনুপং পাওচিন্দাকে আরো ক্ষমতা দিয়ে জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এজে১৫৩৫ঘ.
bdnews24