২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যা তদন্তে চাপের মুখে পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের তদন্ত সম্পূর্ণ করা নিয়ে শুক্রবার চাপের মুখে পড়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ইসলামাবাদ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের তদন্ত সম্পূর্ণ করা নিয়ে শুক্রবার চাপের মুখে পড়েছে পাকিস্তান। এ বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বেনজিরকে রক্ষার ক্ষেত্রে পাকিস্তানের আগের সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। জাতিসংঘ কমিশনের পরিচালিত ওই তদন্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার নিউইয়র্কে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাড়ে পনের বছর বয়সী আত্মঘাতী বোমা হামলাকারীর হাত থেকে বেনজিরের প্রাণ বাঁচানো যেত যদি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো। কয়েক বছর স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে দেশে ফেরার কয়েক দিন পর ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী মিছিলে গুলি ও বোমা হামলায় নিহত হন। জাতিসংঘের ওই প্রতিবেদনে পাকিস্তান কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করে বলা হয়, তারা তদন্ত কাজ সাংঘাতিকভাবে ব্যহত করেছে। ২০০৮ সালের বেনজির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয় এবং রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতে তাদের বিচার শুরু হয়। কিন্তু ফেব্র"য়ারির নির্বাচনের পর ক্ষমতায় আসা বর্তমান সরকার, পুনরায় তদন্তের কথা বলে বিচার বন্ধ রাখার অনুরোধ করে। পুলিশ কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এখন এ ব্যাপারে গভীর অনুসন্ধান শুরু করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, "তদন্তের ব্যাপারে আমাদের দায়িত্বের কথা আমরা ভুলে যাইনি।" জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এ হত্যাকাণ্ডে কারা দায়ী, সে বিষয়ে কোনও উল্লেখ না করা হলেও বলা হয়েছে সুষ্ঠু তদন্ত হলে এ হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী, কারা অর্থ যুগিয়েছে সেটি বের করা সম্ভব। সেই সঙ্গে এও বলা হয়েছে যে, সন্দেহের তালিকা থেকে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে যেন বাইরে রাখা না হয়। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক হাসান আসকারী রিজভী বলেন, "এ অভিযোগ আগের সরকারের আমলেই প্রতিষ্ঠিত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭০২ ঘ.